ছায়ানটে নৃত্য উৎসব
শাস্ত্রীয় নৃত্যের উৎস, পরম্পরা, চেনা-জানা সম্পর্কে সম্যক উপলব্ধি ও বোধ সঞ্চার এবং নৃত্য চর্চাকারী ও দর্শকদের মাঝে নিবিড় যোগসূত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে ছায়ানটের দুই দিনের নৃত্য উৎসব। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আজ সন্ধ্যা সোয়া ছয়টায় এই উৎসব শুরু হবে। গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজন সাজানো হয়েছে মণিপুরী, ভরতনাট্যম, ওডিশি, কত্থক এবং গৌড়ীয় নৃত্যের শাস্ত্রীয় ধারা নিয়ে।
ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনমেলায় যুক্ত হচ্ছেন দেশের গুণী নৃত্যশিল্পীরা। দলীয় নৃত্যে অংশ নিচ্ছে আটটি দল। একক পরিবেশনা আছে ১৭টি এবং দ্বৈত পরিবেশনা একটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের মণিপুরী নৃত্যকলা বিভাগের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্ট প্ল্যানিং কবির বকুল। নৃত্যোৎসবের সহযোগী স্কয়ার গ্রুপ ও গ্রামীণফোন।