ছায়ানটে নৃত্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট সংস্কৃতি–ভবনে নৃত্য উৎ​সবের উদ্বোধনী নৃত্য পরিবেশন করছেন পূজা সেনগুপ্ত l ছবি: প্রথম আলো
ছায়ানট সংস্কৃতি–ভবনে নৃত্য উৎ​সবের উদ্বোধনী নৃত্য পরিবেশন করছেন পূজা সেনগুপ্ত l ছবি: প্রথম আলো

ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল প্রবেশপথে তখন রীতিমতো মানবজট—শুক্রবারের স্কুল ছুটি হয়েছে কেবল। তাই অভিভাবকদের অপেক্ষা—ক্লাস থেকে কখন বেরিয়ে আসবে সন্তানেরা। ফলে কাউকে ঢুকতে দিচ্ছে না প্রহরীরা। অনুষ্ঠান শুরুর ১০ মিনিট আগে ঢোকার অনুমতি মিলল। মূল মিলনায়তনে ঢুকতেই মঞ্চের ভেতর থেকে নূপুরের নিক্বণ শোনা গেল। মুহূর্তে ভরে গেল পুরো মিলনায়তন। মঞ্চসজ্জা, শিল্পীদের বর্ণিল পোশাক, আয়োজকদের ছোটাছুটি—সবকিছুতেই প্রাণের তাগিদ। এমন প্রাণবন্ত পরিবেশে গতকাল শুক্রবার শুরু হলো শাস্ত্রীয় নৃত্যোৎসব। শাস্ত্রীয় নৃত্যের উৎস, পরম্পরা, চেনা-জানা—উপলব্ধি এবং বোধের বিস্তার ও প্রসারের লক্ষ্যে দুই দিনের এই উৎসবের আয়োজন করেছে ছায়ানট।
শুরুতে কোনো রকমের ঘোষণা ছাড়াই দলীয় নৃত্য পরিবেশন করে ছায়ানট বিদ্যায়তনের নৃত্য বিভাগের শিল্পীরা। এরপর অতিথিরা এসে সমবেতভাবে মঞ্চের এক পাশে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনের উৎসবের উদ্বোধন করেন। মঞ্চে আসেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। ধন্যবাদ জানান ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। এরপর আবারও দলীয় নৃত্য পরিবেশনা। মণিপুরি নৃত্য পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। পর্যায়ক্রমে নৃত্য পরিবেশনায় অংশ নেন ভারত থেকে আসা বিম্বাবতী দেবী, ঢাকার সুইটি দাশ, সোনিয়া রশিদ। ভরত নাট্যম পরিবেশন করে সুদেষ্ণা স্বয়ম্প্রভা, পূজা সেনগুপ্ত, জেসিকা শারমিন রহমান, অর্পিতা সোম, অমিত চৌধুরী ও সৃষ্টি কালচার সেন্টারের শিল্পীরা। গৌড়ীয় নৃত্য পরিবেশন করে র্যাচেল প্রিয়াংকা। শেষে কত্থক নৃত্য পরিবেশন করেন তাবাসসুম আহমেদ ও কত্থক নৃত্য সম্প্রদায়।
আজ শনিবার দ্বিতীয় দিনের উৎসব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সোয়া ছয়টায়।