ছায়ানটে মালেকা আজিম খান স্মরণ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী ও ছায়ানটের সদস্য মালেকা আজিম খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রয়াত এই শিল্পীকে যৌথভাবে স্মরণ করে ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে স্মরণানুষ্ঠানে গান, আবৃত্তি, পাঠ ও স্মৃতিচারণার মাধ্যমে প্রয়াত শিল্পীকে নিবেদন করা হয় শ্রদ্ধাঞ্জলি।
সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে প্রয়াত শিল্পী মালেকা আজিম খানের কণ্ঠে ধারণকৃত রবীন্দ্রসংগীত বাজিয়ে শোনানো হয় মাইকে। অনুষ্ঠানে বক্তব্য দেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, কার্যকরী কমিটির সদস্য মফিদুল হক এবং মইনুদ্দিন নাজির। পাঠ করে শোনান ত্রপা মজুমদার। একক গান পরিবেশন করেন শিল্পীরা। সবশেষে ছিল সম্মেলক গান ‘সমুখে শান্তি পারাবার’ ও জাতীয় সংগীত।