‘হে নূতন/ দেখা দিক আর বার/ জন্মের প্রথম শুভক্ষণ’—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এভাবেই নূতনকে আহ্বান জানিয়েছিলেন। কবির অনুরাগীরা তাঁর জন্মদিনে উৎসব উদ্যাপন করেছেন বরাবর। কবির জন্মশতবার্ষিকী উদ্যাপনের বছরে ছায়ানটের জন্ম। জন্মলগ্ন থেকে রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুদিন স্মরণ করে আসছে ছায়ানট। ১৪১৬ বঙ্গাব্দ থেকে শুরু করা হয়েছে রবীন্দ্র-উৎসব। এ ধারাবাহিকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে রবীন্দ্র-উৎসব।এবারের উৎসব হবে দুই দিন—বৃহস্পতি ও শুক্রবার। গতকাল মঙ্গলবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবীন্দ্র-উৎসবের বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল এবং মাছরাঙা টেলিভিশনের বিক্রয়প্রধান সহিদুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সম্মেলক নৃত্য-গীতের মধ্য দিয়ে। উদ্বোধনী পর্বে বক্তৃতা করবেন সন্জীদা খাতুন। এবারের উৎসবে রবীন্দ্রনাথের সাধনা ও সংকল্প, আশ্বাস, নিঃসংশয় এবং স্বদেশভাবনার গান পরিবেশিত হবে। দুই দিনের এই আয়োজনে সম্মেলক ও একক গান ছাড়াও থাকছে নৃত্য, পাঠ ও আবৃত্তি। অংশ নেবেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলের প্রবীণ-নবীন এবং প্রতিশ্রুতিমান শিল্পীরা।রবীন্দ্রনাথের হাতে হাত রেখে: রবীন্দ্রজন্মবার্ষিকীতে ছায়ানট প্রকাশ করছে গীতি-আলেখ্য রবীন্দ্রনাথের হাতে হাত রেখে নামের অডিও সিডি। এর প্রকাশনা অনুষ্ঠান আজ বুধবার সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে। এটি উন্মোচন করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।বাংলা একাডেমীতে রবীন্দ্রজয়ন্তীরবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ বুধবার বিকেল চারটায় বাংলা একাডেমীর প্রেস ভবনে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তৃতা দেবেন কথাশিল্পী হাসান আজিজুল হক। সভাপতিত্ব করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। রবীন্দ্রনাথ নিয়ে ইউপিএলের নতুন বইপ্রকাশনাপ্রতিষ্ঠান ইউপিএল থেকে বের হয়েছে রবীন্দ্রনাথ নিয়ে ইংরেজি ভাষার নতুন বই কনটেমপোরারাইজিং টেগর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বইটি সম্পাদনা করেছেন ইমতিয়াজ আহমেদ, মুচকুন্দ দুবে ও বীণা সিক্রি। আজ বুধবার বইটির প্রথম কপি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেওয়া হবে। ভারতের রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রপতির হাতে বই তুলে দেওয়া হবে এবং মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বাউলশিল্পীরা গান শোনাবেন।চলচ্চিত্রবিষয়ক প্রশিক্ষণ২৫ মে থেকে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ৩২তম ফিল্ম প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এ কর্মশালায় বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, শব্দের নন্দনতত্ত্ব, আবহসংগীত, মেকআপ, প্রপস ও ড্রেস, অভিনয়, ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, শট ডিভিশন, টেলিভিশন প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা-সম্পর্কিত বিষয়সমূহ পড়ানো হবে। কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল।কর্মশালা সমাপ্তির পরে একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সনদপত্র দেওয়া হবে। সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা ডিজিটাল ভিডিওতে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন। সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।