ছায়ানটে রবীন্দ্র-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিনের সূর্য রোদের ঝাঁপি খুলেছে ভোর থেকেই। ঈদবাজারের কারণে রাজপথের ব্যস্ততাও শুরু দিনের শুরুতেই। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তন ভরে গেছে দর্শকে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছায়ানটের শিল্পী, শিক্ষক আর শিক্ষার্থীদের মিলনমেলায় শুরু রবীন্দ্রপ্রয়াণ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয়েছিল ‘তপের তাপের বাঁধন কাটুক’ গানটির সম্মেলক পরিবেশনা দিয়ে। এরপর দীপ্তি দাস গাইলেন ‘আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে’ গানটি। ফারজানা আক্তার শোনালেন, ‘আজি তোমায় আবার চাই শুনাবারে’ গানটি। সুদীপ সরকার ও শারমিন জাহান পরিবেশন করেন ‘তোমার নয়ন আমার বারে বারে’, এবং ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ গান দুটি। পরের গানটি ছিল ‘পথিক মেঘের দল জোটে’। এরপর পর্যায়ক্রমে একক গান পরিবেশন করলেন মাকছুরা আখতার, মানস ভট্টাচার্য, বেনজীর হাফিজা, অনিন্দিতা বৃষ্টি, আশিকুর রহমান, সুশান্ত রায় এবং সুতপা সাহা। তাঁদের পরিবেশনায় ছিল ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে’, ‘আমি শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি’, ‘গহন রাতে শ্রাবণধারা’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আমার যে দিন ভেসে গেছে’, ‘বন্ধু, রহো রহো সাথে’ ইত্যাদি। সম্মেলক কণ্ঠে ‘যায় দিন, শ্রাবণদিন যায়’ এবং জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। চলছে অটিজম শিশু হস্তশিল্প পণ্যমেলাঅটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষাকেন্দ্র কাননের শিশুদের তৈরি নানাবিধ হস্তশিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনী ও ঈদমেলা চলছে রাজধানীর মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকার কানন শিক্ষাঙ্গনের নিজস্ব চত্বরে। অটিস্টিক শিশুদের পণ্যের এ ঈদমেলা আগামী সোমবার পর্যন্ত চলবে। ঈদকার্ডের পাশাপাশি আছে শাড়ি, থ্রি পিস, টি-শার্ট, চিত্রিত মৃৎপাত্র, বিছানার চাদর, মালা, ব্যাগ, কাগজের মন্ড ও মোমের তৈরি নানা উপহার সামগ্রী ও ইফতারের জন্য রকমারি খাবার। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০০৪ সালে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের নিয়ে কাননের কার্যক্রম শুরু করে। এই বিশেষ শিশুদের শিক্ষা প্রশিক্ষণ, কর্মসূচির পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও কর্মময় জীবনের সৃষ্টিই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সৌজন্য হিসেবে পাওয়া এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহ থেকে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে পলাশী থেকে ধানমন্ডি, বঙ্গবন্ধুর জাপান সফর, জনকের স্পর্শে ধন্য, কমনওয়েলথ সম্মেলন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ৭ মার্চের ভাষণ, চিরঞ্জীব বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস, সতীর্থ এসো সত্যাশ্রয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক প্রতিকৃতি ও প্রামাণ্যচিত্র রয়েছে।১৫ আগস্ট পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।