
ছায়ানটের রবীন্দ্র উৎসবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র চিত্রকলার ওপরে একটি উপস্থাপনা করবেন। কিন্তু ছায়ানট ভবনে ঢোকাটা অত সহজ হলো না। দোরগোড়ায় একদল মানুষের জটলা—তাঁরা সবাই এসেছেন উৎসবে যোগ দিতে।
গতকাল রবীন্দ্রনাথের জন্মদিনে উৎসব শুরু হলো তাঁর গান দিয়ে ‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’, ‘মোরা সত্যের ’পরে মন আজি করিব সমর্পণ’। ডা. সারওয়ার আলীর আহ্বানে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন মঞ্চে নিয়ে এলেন সোমেন বন্দ্যোপাধ্যায় ও তাঁর পৌত্র সায়ন বন্দ্যোপাধ্যায়কে।
সায়নের দুটি গানের পর সোমেন শুরু করলেন তাঁর উপস্থাপনা। জানালেন, রবীন্দ্রনাথের গান যেখানে দুই হাজারের কম, সেখানে তাঁর ছবির সংখ্যা প্রায় আড়াই হাজার। দুই হাজারের বেশি ছবি সোমেনের নিজের দেখা। সেগুলো আছে ভারতের বিভিন্ন জায়গায়। কিছু ছবি আছে যুক্তরাজ্যে, জাপানে। ৩০ বছর ধরে তিনি রবীন্দ্রনাথের ছবি নিয়েই আছেন।
রবীন্দ্রনাথের বেশির ভাগ ছবি শান্তিনিকেতনে আঁকা। সেগুলোর বেশির ভাগ, সোমেনের মতে প্রায় ৭০ ভাগ ছবি বাংলাদেশের শিলাইদহের স্মৃতিবাহী। আঁকাআঁকি শুরু পাণ্ডুলিপির ভুল সংশোধনের আঁকিবুঁকি থেকে। ক্রমে সে ছবি স্বতন্ত্র রূপ পেয়েছে কাগজে, কাপড়ে, বাঁশের ফুলদানিতে, দরজা-জানালা-আলমারির ভাঙা পাল্লায়। পাণ্ডুলিপির আঁকিবুঁকি প্রথমে ছিল নির্বস্তুক (অ্যাবস্ট্রাক্ট), পরে ছবিতে এল অদ্ভুত সব পাখি, ফুল, জীবজন্তু, মানুষ। সোমেনের মতে, সেসব মানুষ শিলাইদহের সাধারণ মানুষ, যাঁরা ছিলেন জমিদার রবীন্দ্রনাথের প্রজা।
প্রজেক্টরের মধ্য দিয়ে একে একে পর্দায় ভেসে আসা ছবিগুলো ব্যাখ্যা করছিলেন সোমেন বন্দ্যোপাধ্যায়। এরপর এল রবীন্দ্রনাথের আত্মপ্রতিকৃতি। বৃদ্ধ রবীন্দ্রনাথ আঁকছেন তরুণ কিংবা বৃদ্ধ রবীন্দ্রনাথকে। সেসব আত্মপ্রতিকৃতিতে সৌম্যদর্শন রবীন্দ্রনাথের দেখা মেলে না। নিজের মুখে তিনি দিয়ে দিয়েছেন অসংখ্য দাগ। সবশেষ ছবি ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। এ নামে তাঁর একটি কবিতাও আছে। ছবিটিতে পাহাড়ের গা বেয়ে ঝরনা নামছে, আর সে ঝরনায় ভেসে উঠছে রবীন্দ্রনাথের মুখ।
উপস্থাপনা শেষ করে সোমেন যখন মঞ্চ ছাড়ছিলেন, তখন মিলনায়তনভর্তি মানুষ দাঁড়ালেন অনবদ্য উপস্থাপনার জন্য তাঁকে সম্মান জানাতে। তিনি ঘুরে দাঁড়ালেন বাধ্য হয়ে—দুই হাত জুড়ে জানালেন প্রণাম।
এ পর্বের শেষে ছিল গান, পাঠ, আবৃত্তি ও নাচ। সোমেন বন্দ্যোপাধ্যায় বড় আগ্রহ নিয়ে উপভোগ করলেন এ পর্ব।