ছায়ানটে রাবীন্দ্রিক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের আগেই ছায়ানট সংস্কৃতি-ভবন ছিল রবীন্দ্র-অনুরাগীদের পদচারণে মুখরিত। তাঁরা এসেছেন কবির গান শুনতে। গানের সঙ্গে ছিল কবিগুরু রচিত গীতাঞ্জলির নির্বাচিত অংশের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী ও গীতাঞ্জলির শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। অনুষ্ঠানে গীতাঞ্জলির ওপর আলোচনা করেন প্রাবন্ধিক হায়াৎ মামুদ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সহসভাপতি কৃষ্টি হেফাজ।‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’ সম্মেলক কণ্ঠে গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন পরিষদের শিল্পীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, মুজিবুল কাইয়ুম, লিলি ইসলাম, অদিতি মহসিন, অভয়া দত্ত, ইলোরা আহমেদ, পীযূষ বড়ুয়া, মামুন জাহিদ খান, নাসিমা খান, আজিজুর রহমান ও সুকান্ত চক্রবর্তী। শিল্পীরা ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’, ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’, ‘কবে আমি বাহির হলেম’, ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’, ‘গায়ে আমার পুলক জাগে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘আজি ঝড়ের রাতে’, ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’—এসব গান গেয়ে শোনান। গীতাঞ্জলির নির্বাচিত অংশ পাঠ করে শোনান ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও নিশাত জাহান।