ছায়ানটে শুদ্ধ সংগীতের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট সংস্কৃতি ভবনে সংগীত উত্সবে সমবেত সংগীত পরিবেশনা  ছবি: প্রথম আলো
ছায়ানট সংস্কৃতি ভবনে সংগীত উত্সবে সমবেত সংগীত পরিবেশনা ছবি: প্রথম আলো

শীতের আভাস বেশ কিছুদিন ধরে ছিল, শীতকাল শুরু হলো সবে। গতকাল বৃহস্পতিবার ছিল পৌষ মাসের পঞ্চম দিন। সারা দেশেই জাঁকিয়ে বসেছে শীত। কনকনে। কেবল ঢাকা ছাড়া। রাজধানীতে শীত দিনের বেলায় তেমন গায়ে লাগে না, তবে সন্ধ্যায় ঠিকই বোঝা যায়। কুয়াশার ঘনঘোর আর কনকনে হাওয়া।

এমন দিনে চার দেয়ালের ভেতরের কবোষ্ণ পরিবেশে গান শোনার আনন্দই আলাদা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুদ্ধ সংগীতের শ্রোতাদের জন্য এমনি এক আয়োজন করেছিল ছায়ানট।
সংগীতের প্রাণ ‘শুদ্ধ সংগীত’। একটা সময় ঢাকা কিংবা দেশের অন্যান্য অঞ্চলের রাজবাড়ি তথা জমিদারবাড়িতে বসত শুদ্ধ সংগীতের আসর। সমাজের অভিজাত শ্রেণীই এর পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু সম্প্রতি শুদ্ধ সংগীতের চর্চা বা শোনার অভ্যাস একেবারেই কমে গেছে।

এ চিত্রটা পাল্টে দেওয়ার প্রত্যয়ে কয়েক বছর ধরে ছায়ানট ভবনে আয়োজন করা হয়েছে শুদ্ধ সংগীত উৎসব। গতকাল দুই দিনের এ উৎসবের উদ্বোধনের শুরুতে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত শিল্পী, অতিথি এবং দর্শকেরা।
উৎসবের উদ্বোধনের কথা ছিল রাজশাহীর সংগীতগুণী অমরেশ রায় চৌধুরীর। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি ঢাকায় আসতে পারেননি। তাঁর পক্ষে উদ্বোধন ঘোষণা করেন খায়রুল আনাম। সংগীতগুণী প্রয়াত রবিউল হোসেনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রেজোয়ান আলী। ধন্যবাদ জানান সারওয়ার আলী।

উৎসবের প্রথম দিনের সংগীত পর্বের শুরুতেই অসিত দের পরিচালনায় ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন রাগ ‘হংসধ্বনি’। এতে তবলা বাজান বাদল চৌধুরী, হারমোনিয়ামে ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি।
এর পর রেজওয়ানুল হক পরিবেশন করেন রাগ ইমন। তাঁকে তবলায় ও হারমোনিয়ামে সংগত করেন স্বরূপ হোসেন ও আলমগীর পারভেজ। লতিফুন জুলিও শোনান রাগ শুধ্কল্যাণ। পরিবেশনায় তবলা বাজান জাকির হোসেন ও হারমোনিয়াম বাজান বিজন চন্দ্র মিস্ত্রি। চট্টগ্রামের দোলন কানুনগো যন্ত্রসংগীত (মোহন বীণা) শোনান রাগ ‘বাগেশ্রী’।

আজ রমনা বটমূলে পৌষ মেলা

আজ থেকে রমনার বটমূলে শুরু হচ্ছে পৌষ মেলা। তিন দিনের এ উৎসবের আয়োজন করেছে পৌষ মেলা উদ্যাপন পরিষদ। আজ শুক্রবার সকাল সাতটায় উৎসবের উদ্বোধন ও আলোচনা শুরু হবে, চলবে রাত নয়টা পর্যন্ত।
এবার শতাধিক শিল্পী ও দলের অংশগ্রহণে কবিতা, গান ও নৃত্যের সঙ্গে মেলায় থাকছে বিভিন্ন রকমের পিঠাপুলি, খেজুর রস, মধু, নানা রকমের কুটিরশিল্প ইত্যাদি।

মমিন আলী মৃধাকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

চারুকলা প্রাঙ্গণে তিনি পরিচিত ছিলেন দাদু হিসেবে। ২০১১ সালের ২০ ডিসেম্বর শতবর্ষ বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) আয়োজন করেছে দুই দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর।
আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভী। প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।