ছায়ানটে শ্রোতার আসরে ইফ্ফাত আরার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রায় সারা দিনই ছিল মেঘ-রবির লুকোচুরি খেলা। দুপুরবেলা তা আর লুকোচুরিতে সীমাবদ্ধ রইল না। কিছুটা বৃষ্টি ঝরল। কিন্তু বিকেল হতে না হতেই মেঘেরা কোথায় যেন পালিয়ে গেল। গতকাল শুক্রবার এমনই একটি বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এল, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রও তখন দর্শকে পূর্ণ হয়ে গেল। মাসিক শ্রোতার আসর বলে হয়তো সাপ্তাহিক ছুটির দিনটিতে দর্শকও ছিল বেশি। গতকাল এই আসরে গান শোনান ইফ্ফাত আরা দেওয়ান ও নবীন শিল্পী হূদীয়া তেহ্রীন। ষাটের দশকে ছায়ানট গঠনের পরের বছর ১৯৬২ সাল থেকে পুরান ঢাকার র‌্যাঙ্কিন স্ট্রিটে প্রতি মাসে নিয়মিত শ্রোতার আসর বসত। মাঝে বেশ কয়েক বছর বন্ধ ছিল এ আয়োজন। কিছুদিন আগে আবার তা শুরু হয়। ছায়ানটে গতকালের আসরও ছিল এই নিয়মিত আয়োজনের অংশ। রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে আসরের শুরুতে মঞ্চে আসেন নবীন শিল্পী হূদীয়া তেহ্রীন। তিনি পরিবেশন করেন ‘হেলাফেলা সারা বেলা’ ও ‘আমাদের যদি জাগালে আজি নাথ’। এরপর ইফ্ফাত আরা দেওয়ানের পরিবেশনা। তিনি একে একে গাইলেন রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রজনীকান্ত ও পুরোনো দিনের বাংলা গান। তিনি পরিবেশন করেন ‘খেলাঘর বাঁধতে লেগেছি’, ‘স্বপনে দোঁহে ছিন্ন কী মোহে’, ‘আজি তোমায় আবার’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘আমি বাঁধিনু তোমার তীরে’, ‘ও রে কোয়েলিয়া গান থামা’, ‘তুমি আমি দুই তীরে’সহ প্রায় ১৫টি গান। দর্শনীর বিনিময়ে মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা উপভোগ করেন এ আসর।