ছায়ানটে সুরের বৃষ্টিধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণের আকাশ। কিন্তু তাতে নেই কালো মেঘের ঘনঘটা। ছিল না বৃষ্টির ছিটেফোঁটাও। প্রকৃতিতে বর্ষণ থাকলেও গানের সুরে আর যন্ত্রের বাদনে শ্রাবণ যেন ফিরে পেয়েছিল তার স্বরূপ।গতকাল বুধবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ‘হূদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু’ নামের অনুষ্ঠানে গানে গানে বর্ষার আবহ সৃষ্টি করেছিলেন শিল্পীরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজন করেছিল বর্ষার গানের এই আসর।মঞ্চের চারপাশে নানান গাছের ছায়া। সামনে ও পেছনে ছোট-বড় গাছ আর ফুলের টব। মাঝখানে বসেন শিল্পীরা। তাঁদের দুই পাশে যন্ত্রী। আলোছায়ার খেলার সঙ্গে যেন তবলার বোলে শুরু হলো মেঘের গুরু গুরু। পরপরই সমবেত কণ্ঠের গান ‘ওই আসে ওই অতি ভৈরব হরষে’। এরপর আ ফ ম সাইফুদ্দৌলাহ পাঠ করলেন ‘কাল আষাঢ়স্য’। তারপর আবার গান। একক কণ্ঠে অভীক দেব ‘এ কী গভীর বাণী’ ও মহুয়া মঞ্জরী ‘কখন বাদল ছোঁওয়া’ গাইলেন। রিআ মাহমুদ পাঠ করলেন ‘এই পুরাতন হূদয় আমার’। ছিল সমবেত গান ‘নীল নবঘনে আষাঢ় গগনে’। এরপর একে একে অনুপম পাল ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’, সেমন্তী মঞ্জরী ‘এই শ্রাবণের বুকের মাঝে’, কৃষ্টি হাফিজ ‘কাল সমস্ত রাত্রী’, নাইমা ইসলাম ‘আমি কী গান গাব যে’, অভয়া দত্ত ‘আজ যেমন করে’, সাইফুল্লাহ পারভেজ ‘মনে হল যেন’, শারমিন সাথী ইসলাম ‘আমি শ্রাবণ আকাশে’ গানগুলো গাইলেন। মাঝখানে সমবেত কণ্ঠের পরিবেশনায় ছিল ‘হূদয়ে মন্দ্রিল’, ‘এসো নীপবনে’, ‘এ ভরা বাদর মহা ভাদর’ ও ‘আজি বারি ঝরে’। প্রকৃতিতে বৃষ্টি না এলেও বর্ষার এই গান যেন বৃষ্টি হয়ে ঝরেছিল শ্রোতার শ্রবণে। ভিজেছিলেন তাঁরা সুরের ধারায়। শিল্পকলায় বর্ষামঙ্গল উৎসবআজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় চিত্রশালা প্লাজায় হবে প্রতিসৃষ্টির আয়োজনে বর্ষামঙ্গল উৎসব। উদ্বোধন করবেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বর্ষাকথনে অংশ নেবেন সেলিনা হোসেন ও শুভ রহমান। উৎসবে বিভিন্ন সংগঠন ও শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করবেন। প্রতিসৃষ্টি বিগত বছরগুলোর মতো এ বছরও উদ্যোগ নিয়েছে ‘বর্ষা মঙ্গল’ উদ্যাপনে। মোহনের আরোগ্য কামনায় অনুষ্ঠানসম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহন চার মাস ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। দুই মাস ব্যাংককে চিকিৎসা শেষে বর্তমানে তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন। ব্যয়বহুল এই চিকিৎসা তাঁর পক্ষে বহন করা কষ্টসাধ্য। গতকাল বুধবার এই সাংস্কৃতিককর্মীর আরোগ্য কামনায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সংস্কৃতিকর্মীরা আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের। গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজন অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তিশিল্পীরা অংশ নেন। দলীয় নৃত্যে অংশ নেয় ‘নৃত্যম’ ও ‘নৃত্যালোক’। সুকান্তের জন্মবার্ষিকীকবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট কলকাতা থেকে একটি সাইকেল শোভাযাত্রা শুরু হবে। এটি বাংলাদেশে প্রবেশ করবে ১৮ আগস্ট। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। ভারতের ‘কিশোর বাহিনী সংগঠন’ এই শোভাযাত্রার আয়োজন করেছে। গতকাল এই শোভাযাত্রা সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সভার আয়োজন করা হয়। সুকান্ত সংসদের আহ্বায়ক আনোয়ারুল করিম এতে সভাপতিত্ব করেন।