ছায়ানটে সোহরাব হোসেন স্মরণ অনুষ্ঠান
হাড় কাঁপানো কনকনে শীতের সন্ধ্যা। তবু সংগীতগুরু ও শিল্পী সোহরাব হোসেনের অনুরাগীদের উপস্থিতিতে ভরা ছিল ছায়ানট মিলনায়তন। গতকাল সোহরাব হোসেন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট।অনুষ্ঠান শুরু হয় সম্মেলক গান ‘জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ’ মধ্য দিয়ে। সোহরাব হোসেনের কাছে এসএসসি পরীক্ষার পর একটানা তিন বছর সংগীতের তালিম নিয়েছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। তিনি তাঁর সংগীতশিক্ষকের স্মৃতিচারণা করে বলেন, অসাধারণ ভঙ্গিতে গান শেখাতেন তিনি। সবচেয়ে বেশি করতেন শচীন দেববর্মণের গান এবং কানাই কেষ্টো কীর্তন ‘ছুঁইয়ো ছুঁইয়ো বধূ ওই খানে থাকো‘ চমৎকার উপস্থাপন করতেন সোহরাব হোসেন। তিনি কথা বলতেন বিভূতিভূষণের পথের পাঁচালীর ভাষায়। তাঁর প্রতিটা কথা এখনো মনে হয় কানে বাজছে—বলেন তিনি।এরপরে গানের পর্ব। ফারহানা আক্তার পরিবেশন করেন ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’, সুমন মজুমদার ‘বধূ তোমার আমার এই যে বিরহ’, সুমন চৌধুরী পরিবেশন করেন আমি চিরতরে দূরে চলে যাবো’।