ছায়ানটের দিনব্যাপী আয়োজন
শীতের সকাল। মেঝেতে বসে একজন সেতারে সুর তুলছেন। তাঁকে ঘিরে বসে আছেন নানা বয়সের নারী-পুরুষ। তাঁরা সবাই প্রয়াত ওয়াহিদুল হকের সহকর্মী, ভক্ত, অনুরাগী এবং তাঁর গড়া প্রতিষ্ঠান ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার ছিল ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের চতুর্থ প্রয়াণ দিবস। এদিনে তাঁকে স্মরণ করতেই এ জমায়েত। ঘড়ির কাঁটা সাতটা ছুঁতেই সবাই একসঙ্গে গেয়ে ওঠেন—‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা/ মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা \’ এরপর তাঁরা পরিবেশন করেন ‘প্রথম আলোর চরণধ্বনি’, ‘ভুবনজোড়া আসনখানি’ এসব গান। সন্ধ্যায় ছিল স্মরণানুষ্ঠানের দ্বিতীয় পর্ব। ছায়ানট সংস্কৃতি-ভবন শ্রোতা-দর্শকে ভরা। ছায়ানটের শিক্ষার্থীদের সম্মেলক কণ্ঠে ‘আলো আমার আলো ওগো’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু। স্বাগত জানান খায়রুল আনাম। স্মারক বক্তৃতা দেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এরপর শিশু শিক্ষার্থীরা একক, দ্বৈত ও সম্মেলক কণ্ঠে ‘অন্তর মম বিকশিত কর’, ‘তুমি কেমন করে গান কর হে গুণী’, এসব গান পরিবেশন করে। তারা রবীন্দ্রনাথের ছিন্নপত্র থেকে পাঠ এবং প্রশ্ন ও জুতা আবিষ্কার কবিতা আবৃত্তি করে। ‘মহাজনের নাও’ প্রকাশনাবাউলসম্রাট খ্যাত লোকসংগীত সাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে শাকুর মজিদের লেখা মঞ্চনাটক মহাজনের নাও নাট্যগ্রন্থের প্রকাশনা ও নাটকটির মঞ্চায়ন হলো গতকাল। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সুবচন নাট্য সংসদ মহাজনের নাও নাটকটি মঞ্চস্থ করে। পরে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ নাট্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক সফিউদ্দিন আহমদ। বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। এ সময় প্রকাশক মোস্তফা সেলিম, ঝুনা চৌধুরী, কেরামত মওলা, সুবচনের প্রধান সম্পাদক আহম্মদ গিয়াস বক্তব্য দেন। বক্তারা বলেন, সাধক শাহ আবদুল করিমের সারা জীবনের সাধনা ছিল নিজেকে জানা এবং সৃষ্টির রহস্য উদ্ঘাটন। দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে তিনি অনেক গান লিখেছেন। এবং যেহেতু শাহ আবদুল করিম সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ ছিলেন, তাঁর গানে তিনি নৌকাকে ব্যবহার করেছিলেন নিজের দেহের রূপক হিসেবে। তিনি নিজেকে ভেবেছিলেন যেন কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা। যে নৌকার মালিক তিনি নন, শুধু সঠিকভাবে চালিয়ে কোনো এক ‘সোনারগাঁও’-এ পৌঁছানোর গুরুদায়িত্ব তাঁর। মূলত শাহ আবদুল করিমের জীবনের নানা ঘটনা, সংকট এবং তা থেকে উত্তরণের বিষয়গুলো মহাজনের নাও নাটকে প্রকাশ পেয়েছে। একই সঙ্গে উঠে এসেছে জীবন ও জগৎ সম্পর্কে তাঁর বোধ এবং দর্শন।কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নকলকাতা প্রতিনিধি জানান, গত বুধবার বিকেলে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম। এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা। কলকাতার সায়েন্সসিটি-সংলগ্ন মিলনমেলা ময়দানে ৩৫তম আন্তর্জাতিক বইমেলার চলছে।এবারের বইমেলায় বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় গ্রন্থকেন্দ্র ইত্যাদি। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘরের আদলে।সিলেটে ‘রবীন্দ্র নাট্যোৎসব’সিলেট প্রতিনিধি জানান, সিলেট মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ‘রবীন্দ্র নাট্যোৎসব’ গতকাল শেষ হয়েছে। সমাপনী দিন সন্ধ্যায় ঢাকার প্রাঙ্গণেমোর নাট্য সংগঠন রক্তকরবী মঞ্চায়ন করেছে। নাটকটির নির্দেশনা দেন নূনা আফরোজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে নাট্যালোক সিলেট (সুরমা) নাট্যোৎসব আয়োজন করেছিল। শেষ দিনে নাটক শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রধান জামিল আহমেদ। বরিশালে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতাবরিশাল অফিস জানায়, আজ শুক্রবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন এর উদ্বোধন করবেন।