অসাম্প্রদায়িক ও মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে। উৎসবের কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকাল সকালে ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, নির্বাহী কর্মকর্তা সিদ্দিক বেলাল ও নজরুলসংগীত বিভাগের শিক্ষক সেলিনা হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছায়ানট তার প্রতিষ্ঠাকাল থেকে কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুদিবস পালন করে আসছে ছায়ানট। ১৪১৬ বঙ্গাব্দ থেকে শুরু করেছে নজরুল উৎসব। এবারের আয়োজন ১০ ও ১১ জ্যৈষ্ঠ শনি ও রোববার। উৎসবের প্রথম দিন নজরুল স্মারক বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজ সালেকীন। ছায়ানট মিলনায়তনে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায়। উৎসবে সহযোগী হয়েছে গ্রামীণফোন।
উৎসবে সম্মেলক ও একক গান ছাড়াও থাকবে নৃত্য, পাঠ ও আবৃত্তি। অংশ নেবেন ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ঢাকাসহ দেশের নানা অঞ্চলের নবীন-প্রবীণ এবং প্রতিশ্রুতিশীল শিল্পীরা।