ছায়ানটের নজরুল উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট আয়োজিত নজরুল উৎসবের প্রথম দিেন গতকাল সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l ছবি: সাবিনা ইয়াসমিন
ছায়ানট আয়োজিত নজরুল উৎসবের প্রথম দিেন গতকাল সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l ছবি: সাবিনা ইয়াসমিন

সন্ধ্যায় ঝিরঝির বৃষ্টি হচ্ছিল তখনো । প্রচণ্ড গরমের পর প্রশান্তিময় বৃষ্টির সন্ধ্যায় নজরুলময় হয়ে ওঠে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তন। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় কবির ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী নজরুল উৎসবের প্রথম দিনে ছিল নৃত্য-গীত এবং কবিতা ও কথায় কবিকে স্মরণ৷
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনায় ‘হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ’। ‘একি অপরূপ রূপে মা তোমার’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা
এরপর কথনে অংশ নেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী ও সম্পাদক খায়রুল আনাম শাকিল । নজরুল স্মারক বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ সালেকীন। তিনি বলেন, ‘দেশের এই হানাহানিময় মুহূর্তে আমাদের ফিরে যেতে হবে নজরুলের কাছে। তাঁর সৃষ্টিসমগ্র আমাদের শান্তির পথ দেখাবে। ছড়িয়ে দেবে সাম্যের বাণী।’
আলোচনার পর শুরু হয় নজরুলের গান ও কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় ‘নবীন আশা জাগল যে রে আজ।’
পরে খায়রুল আনাম শাকিল গেয়ে শোনান ‘পাষাণের ভাঙালে ঘুম’। অনিন্দিতা চৌধুরী গেয়ে শোনান ‘মোরে ডেকে লও সেই দেশে।’ রোকসানা হোসেনের কণ্ঠে গীত হয় ‘প্রথম প্রদীপ জ্বালো।’
‘পরদেশি বধূয়া’ গানটি পরিবেশন করেন দিদারুল করিম। প্রিয়াঙ্কা গোপ গেয়ে শোনান ‘নীলাম্বরি শাড়ি পরি’। ‘মোর প্রথম মনের মুকুল’ গানটি পরিবেশন করেন শুক্লা পাল। ‘নয়ন যে মোর বারণ মানে না’ গানটি পরিবেশন করেন বিপাশা গুহঠাকুরতা প্রমুখ।
সমবেত সংগীত পরিবেশন করেন নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা। নজরুলের কবিতা থেকে আবৃত্তি করেন বাকশিল্পী মাহিদুল ইসলাম।
দুই দিনের নজরুল উৎসবে অংশ নিচ্ছেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলের নবীন-প্রবীণ শিল্পীরা। উৎসবে সহযোগিতায় রয়েছে গ্রামীণফোন।