প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের এবারের বাংলা নতুন বছর বরণ আয়োজনের বিষয়বস্তু ‘সম্প্রীতি ও স্বদেশ’। ভোর সোয়া ছয়টায় সরোদের আহীর-ভৈরব সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে গান আর কথায় বাংলা আর বাঙালির অন্তরের কথা ফুটিয়ে তোলা হবে। বাজাবেন, গাইবেন, বলবেন অতিথি শিল্পী এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী-শিক্ষক-শিল্পীরা। ১৫০ জন শিল্পী বর্ষবরণ আয়োজনে অংশ নেবেন। এর বড় অংশজুড়ে থাকবে শিশুরা।
গতকাল বিকেলে বর্ষবরণ উপলক্ষে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, কোষাধ্যক্ষ প্রদীপ নাগ এবং গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন্স সৈয়দ তাহমিদ আজিজুল হক। এবারও অনুষ্ঠান আয়োজনের সহযোগী গ্রামীণফোন।