ছায়ানটের বর্ষবরণের ভাবনা 'সম্প্রীতি ও স্বদেশ'
ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠানের ভাবনা ‘সম্প্রতি ও স্বদেশ’, বাংলার সকালের সুর ও বাণীর সঙ্গে দেশ ও সম্প্রীতি ভাবনার যোগ। পরশু সোমবার পয়লা বৈশাখ রমনার বটমূলে ভোর সোয়া ছয়টায় সরোদের আহীর-ভৈরব সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে গান আর কথায় বাংলা আর বাঙালির অন্তরের কথা ফুটিয়ে তোলা হবে। বাজাবেন-গাইবেন-বলবেন অতিথি শিল্পী এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী, শিক্ষক আর শিল্পীরা। ‘বর্ষবরণ ১৪২১’ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল এবং কোষাধ্যক্ষ প্রদীপ নাগ। ছায়ানটের ‘বর্ষবরণ ১৪২১’ আয়োজনের সহযোগী হয়েছে গ্রামীণফোন। এখানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক।
‘বর্ষবরণ ১৪২১’ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতা নিয়ে যেকোনো বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করতে পারবে। গ্রামীণফোনের থ্রি-জি গ্রাহকেরা wap.gpworld.com থেকে তাঁদের হ্যান্ডসেটে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।