ছায়ানটের বসন্তের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের বেশির ভাগ অনুষ্ঠান বৈঠকি ঢঙে আর ঘরোয়াভাবেই হয়। কিন্তু গত রোববার ছায়ানট সংস্কৃতি-ভবনের তৃণাচ্ছাদিত ছাদের অনুষ্ঠানটি ছিল একেবারেই অন্য রকম। সেই ছাদে ছড়িয়ে থাকা ঘাসের ওপর কার্পেট। এক কোণায় নানা ফুলগাছের টব, বাসন্তী রঙের শাড়ি আর ওড়না ঝুলিয়ে মৃদু আলোয় মঞ্চের আকার দেওয়া হয়। দর্শক আর শিল্পীদের বসার ব্যবস্থা একই সঙ্গে। মাথার ওপরে বিস্তৃত আকাশ। সেখানে পূর্ণিমার চাঁদ খেলা করে। রাত আটটায় কোনো ঘোষণা ছাড়াই সমবেত কণ্ঠে শিল্পীরা গাইলেন ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল’। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল নৃত্যশিল্পী। এরপর ‘নয়ন মেলে দেখি আমার’ গাইলেন ইফফাত আরা দেওয়ান, এ টি এম জাহাঙ্গীর গাইলেন ‘একটুকু ছোঁয়া লাগে’। আবার সমবেত কণ্ঠে ‘আয়রে বসন্ত ও তোর কিরণমাখা পাখা তুলে’। চলতে থাকে গান—কখনো একক আবার কখনো সমবেত। মাঝেমধ্যে গানের সঙ্গে নাচ। বসন্তের এ অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।