
শরৎকালের স্বভাবটাই এমন—এই রোদ এই বৃষ্টি। কিন্তু গতকাল এই শরতের আকাশ ছিল রীতিমতো রোদেলা উষ্ণ। তবু শরতের রূপটিকে মেলে ধরেছিল ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছিল তাদের এ আয়োজন।
শনিবার সকাল, বকুলতলায় মঞ্চ সাজানো হয়েছে কাশফুলসহ নানা প্রাকৃতিক অনুষঙ্গ দিয়ে। সকাল সাতটায় ‘পোহালো পোহালো বিভাবরী’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল দুটি একক পরিবেশনা। অমিয়া হাসান ও অভয় দত্ত যথাক্রমে শোনালেন ‘দেখো দেখো, দেখো শুকতারা’ এবং ‘এসো শরতের অমলি মহিমা’। পরের পরিবেশনাটি ছিল শিশুদের। ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’র সঙ্গে ছিল নৃত্য পরিবেশনাও। শরৎ নিয়ে পাঠ করেন কাজী মদিনা।
এই আয়োজনে নাচের পরিশীলিত পরিবেশনে শিল্পীরা যেমন শরৎকে বরণ করেছেন, ঠিক তেমনি উৎসবপ্রিয় দর্শকদের আন্তরিক অভিবাদনেও উঠে এসেছে শরতের প্রতি তাঁদের ভালো লাগা আর ভালোবাসার প্রকাশ। শেষে ছায়ানটের ঐতিহ্য সমবেতভাবে জাতীয় সংগীতের আগে ছিল ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গানের সঙ্গে নৃত্য।