ছায়ানটের শুদ্ধ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট আবারও শুদ্ধ সংগীত উৎসবের আয়োজন করেছে। দুই দিনের এই আয়োজন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধন করবেন ইলা মজুমদার। আর উৎসব অনুষ্ঠিত হবে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। সবার জন্য উন্মুক্ত এই উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অংশ নেবেন। ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান জানান, উদ্বোধনের পর আজ ছায়ানটের শিক্ষার্থীরা ইমন রাগের ওপর ধ্রুপদ পরিবেশন করবেন। এরপর থাকবে ঋতুপর্ণা চক্রবর্তীর (ঢাকা) ধ্রুপদ, স্বরূপ হোসেনের (ঢাকা) তবলা, অসিত দের (ঢাকা) খেয়াল ও শুভ্রা গুহর (কলকাতা) খেয়াল।কাল শুক্রবার অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। ছায়ানটের শিক্ষার্থীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করবেন বিলাস খানী টোড়ি রাগের ওপর খেয়াল। এরপর থাকবে অনিল কুমার সাহার (ঢাকা) খেয়াল, মোহাম্মদ মনিরুজ্জামানের (ঢাকা) বাঁশি, জগদানন্দ রায়ের (ঢাকা) খেয়াল, সত্যজিৎ চক্রবর্তীর (চট্টগ্রাম) সেতার ও রেজোয়ান আলীর (ঢাকা) খেয়াল।সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে উৎসবের তৃতীয় অধিবেশন। আর তা চলবে সারা রাত। এখানে থাকছে প্রিয়াংকা গোপের (ঢাকা) খেয়াল, খায়রুল আনাম শাকিলের (ঢাকা) খেয়াল, পিনুসেন দাশের (ঢাকা) তবলা, রামকানাই দাশের (সিলেট) খেয়াল, প্রত্যূষ ব্যানার্জির (কলকাতা) সরোদ, লতিফুন জুলিওর (ঢাকা) খেয়াল, এবাদুল হকের (ঢাকা) সেতার, বিজনচন্দ্র মিস্ত্রীর (ঢাকা) খেয়াল, অনুপ বড়ুয়ার (ঢাকা) খেয়াল, শাহাদাত হোসেন খানের (ঢাকা) সরোদ, অর্ণব চ্যাটার্জির (কলকাতা) খেয়াল এবং গোপাল মিশ্রর (কলকাতা) তবলা। পুরো আয়োজনে শিল্পীরা ছোট-বড় খেয়াল পরিবেশনের পাশাপাশি তারানা ও ঠুমরি পরিবেশন করবেন। এই অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বললেন, ‘তৃতীয়বারের মতো এই আয়োজন করছে ছায়ানট। এর অন্যতম উদ্দেশ্য শাস্ত্রীয় সংগীতের প্রসার ঘটানো। আমাদের এখানে এ ধরনের সংগীত পরিবেশনের ক্ষেত্রটা তেমন নেই। আমরা শাস্ত্রীয় সংগীতের শিল্পীদের জন্য একটা জায়গা তৈরি করেছি। এর ফলে শিল্পীরা আরও বেশি উৎসাহিত হবেন। ভবিষ্যতে এই উৎসবের পরিধি বাড়িয়ে তিন দিন করা হবে।’