ছায়ানটের ‘নজরুল উৎসব’
ছায়ানট তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নজরুল উৎসব’। আগামী ১ জুলাই সন্ধ্যায় উদ্বোধন করা হবে দুই দিনের এই উৎসব। শুরুতেই থাকবে ‘নজরুল স্মারক বক্তৃতা’। বক্তব্য দেবেন অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম। দুই দিনই ছায়ানট মিলনায়তনে উৎসব শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। থাকবে গান, পাঠ-আবৃত্তি ও নৃত্য।ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান, এবারের উৎসবে গান করবেন ৭৫ জন শিল্পী। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে ঢাকার জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি বিবেচনায় আনা হয়েছে নবীন প্রতিশ্রুতিশীল শিল্পী ও ঢাকার বাইরের নজরুলের গানের নিবেদিতপ্রাণ শিল্পীদেরও।শাকিল বললেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ভালো শিল্পীদের মাধ্যমে আমরা ভালো কিছু গান সবাইকে শোনাতে চাই। পাশাপাশি নজরুলচর্চার ব্যাপারে সবাইকে সচেতন করা এই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করছি, এভাবেই নজরুলের গানের প্রচার ও প্রসার ঘটবে।’শাকিল আরও জানালেন, সারা দেশে নজরুলসংগীতের সঠিক প্রশিক্ষণের জন্য ছায়ানট থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেসব জেলায় নজরুলের গানের চর্চা অপেক্ষাকৃত কম, শুরুতে সেসব এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই মধ্যে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের মাধ্যমেও দেশের বিভিন্ন জেলায় নজরুলের গানের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।