ছায়ানটের ‘রবীন্দ্রজয়ন্তীর সার্ধশতবর্ষ উদযাপন’ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনের শুরুটা হয়েছিল গান দিয়ে। ‘ওই মহামানব আসে’ গানটি মিতা হকের নেতৃত্বে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনান। রবীন্দ্রজয়ন্তীর সার্ধশততম (১৫০তম) বর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন করেছে ছায়ানট। এই আয়োজনের মূল ভাবনা ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে’। কাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে শুরু হবে দুই দিনের ‘রবীন্দ্র উৎসব’। বছরব্যাপী নানা আয়োজনের প্রথম অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। আরও উপস্থিত ছিলেন আয়োজনের আহ্বায়ক আবুল হাসনাত, ছায়ানটের ট্রাস্টি বোর্ডের সদস্য সারওয়ার আলী, ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, উৎসবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকালে থাকছে প্রদীপ জ্বালানো ও শিশু-কিশোরদের পরিবেশনা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘মুক্তি সংগ্রাম ও সংস্কৃতি’বিষয়ক বক্তব্য দেবেন সন্জীদা খাতুন। এরপর থাকছে গান ও বছরব্যাপী আয়োজনের মূল ভাবনার ওপর তৈরি গীতি আলেখ্য। দ্বিতীয় দিন শনিবার বিকেলে ‘রবীন্দ্রনাথের প্রেমের গান’বিষয়ক বক্তব্য দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে থাকছে গান, নৃত্য আর আবৃত্তি। ২৪ সেপ্টেম্বর গীতাঞ্জলি রচনার শতবর্ষপূর্তি। ওই দিন ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে রয়েছে সনৎকুমার সাহার বক্তৃতা এবং গীতাঞ্জলির কবিতা, গান ও নৃত্য। ৫ নভেম্বর ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজন করা হবে কুষ্টিয়ার শিলাইদহে। আগামী বছরের ২১ ও ২২ জানুয়ারি থাকছে নৃত্য উৎসব। এ ছাড়া ২১ থেকে ২৮ জানুয়ারি ছায়ানট সংস্কৃতি-ভবনে রবীন্দ্রনাথের চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন কে জি সু্ব্রামানিয়াম। ৪ ও ৫ মার্চ চলচ্চিত্র ও নাটক শীর্ষক আয়োজন। সবশেষে ৭ মে থেকে তিন দিনের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ছায়ানটের রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন আয়োজন।