ছায়ানটের ‘শুদ্ধ সংগীত উৎসব’
আজ আবারও দুই দিনব্যাপী শুদ্ধ সংগীতের উৎসব আয়োজন করেছে ছায়ানট। এবার ষষ্ঠ আয়োজন। আজ ছায়ানট মিলনায়তনে উৎসব উদ্বোধন হবে সন্ধ্যা ছয়টায়। উদ্বোধন করবেন সংগীতগুণী মদনগোপাল দাশ। আজ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। কাল শুক্রবার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাতটায় শুরু হবে তৃতীয় অধিবেশন, চলবে ভোর পর্যন্ত। উৎসবে থাকছে কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত। যন্ত্রসংগীতের মধ্যে থাকবে রুদ্রবীণা, বেহালা, তবলা, বাঁশি, সেতার ও সরোদ। সংগীত পরিবেশন করবেন ভারতের দুজনসহ বাংলাদেশের বরেণ্য শিল্পীরা।ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘আমরা চাইছি, শুদ্ধ সংগীতের প্রতি এ দেশের মানুষ আগ্রহী হোক। সারা রাত অনুষ্ঠান হয়, অনেকে আসেন। যেহেতু সারা রাত অনুষ্ঠান হবে, তাই সবার জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়। এই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, শুদ্ধ সংগীতের চর্চা ও প্রসার বাড়ানো।’তিনি জানান, উৎসব সবার জন্য উন্মুক্ত।