
সাংস্কৃতিক আন্দোলনের প্রথম হাতিয়ার গণসংগীত। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষের মধ্যে দেশজ ভাবনা জাগাতে সংগীতের এ শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতার পূর্বাপর সব আন্দোলনেও মানুষের মধ্যে চেতনা জাগাতে সহায়তা করেছে এটি।
গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে দেশব্যাপী গণসংগীত উৎসবের ধারাবাহিকতায় গতকাল বুধবার শুরু হওয়া বৃহত্তর ঢাকা জেলার গণসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা দেশের শিল্প-সংস্কৃতি ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে দেশের যেসব প্রগতিশীল ব্যক্তিত্ত নানা আন্দোলন-সংগ্রামে আত্মদান করেছেন, তাঁদের উত্তরাধিকার হিসেবে গণসংগীত সমন্বয় পরিষদ দেশের শান্তি, সমৃদ্ধি ও সুশাসন কামনায় কর্মযজ্ঞ চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে শুরু হলো দুই দিনব্যাপী বৃহত্তর ঢাকা জেলার এই গণসংগীত উৎসব। বিকেলে বাংলাদেশ শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন করেন আয়োজক সংগঠনের শিল্পীরা। পরে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মানিকগঞ্জ শাখার শিল্পীরা পরিবেশন করেন ‘এবার তোর মরা গাঙ্গে’, ‘যদি তোর ভাবনা থাকে...’, ‘মুক্ত করো ভয়’ এই তিনটি গান। দনিয়া এলাকার সাংস্কৃতিক দল সুরতাল পরিবেশন করে ‘হায়রে বাঙালি’ ও ‘তোমারা এখননো ঘুমাও’। অনুষ্ঠানে আরও গান শোনান মুন্সিগঞ্জের অন্বেষণ, মিরপুর সাংস্কৃতিক একাডেমী, খেলাঘরের গাজীপুর শাখার সংগঠন বন্ধু মহল খেলাঘর আসর, নবযুগ গণসংগীত নরসিংদী শাখা, জয় বাংলা সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ শাখা, পঞ্চভাস্কর ঢাকা মহানগর শাখা, সুর সাগর ললিতকলা একাডেমী ঢাকা মহানগর শাখা ও রংধনুর ঢাকা মহানগর শাখা। আজ উৎসবের শেষ দিন।