ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল
সকাল থেকে প্রায় সারা দিনই দমকা হাওয়ার সঙ্গে একটু বৃষ্টি। আয়োজকদের একজন বক্তব্য দিতে গিয়ে বললেন, ‘দুপুরে অনিশ্চয়তার মধ্যে ছিলাম, উৎসব শুরু করা যাবে কি না! সব আশঙ্কা দূর করে বিকেলে অনুষ্ঠান শুরুর আগেই ভিড় করেছিলেন গণসংগীতানুরাগীরা। আগত ব্যক্তিদের বেশির ভাগের পরনে লাল-সবুজ জামা। তাঁরা গাইলেন, শুনলেন। গানে গানে গণমানুষ ও দেশের কথা বললেন। ‘ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শুরু হলো তিন দিনের গণসংগীত উৎসব। শিল্পকলা একাডেমীর সহায়তায় এর আয়োজন করেছে গণসংগীত সমন্বয় পরিষদ। বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ। সংগঠনের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুবুল হায়দার মোহন।গান শুরু হয়েছিল সবগুলো সংগঠনের সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। পরে গণসংগীত পরিবেশন করে উদীচী, রাজবাড়ী রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, আদিবাসী সংগঠন আচিক কালচারাল একাডেমী, দৃষ্টি সাংস্কৃতিক সংগঠন প্রভৃতি সংগঠনের শিল্পীরা। ফকির আলমগীর একক কণ্ঠে শোনান ‘সব আমলেই বিদ্যুৎ নিয়ে শুনেছি’, ‘কালো কালো মানুষের দেশে’, ‘নাম তার ছিল জন হেনরি’। দলীয় পরিবেশনায় ছিল ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে’, ‘এ বাংলা রবিঠাকুরের’, ‘গাঁয়ের চাষি নায়ের মাঝি’, ‘নোঙ্গর ছাড়িয়া নায়ের’, ‘বিচারপতি তোমার বিচার’, ‘কারার ঐ লৌহ কবাট’, ‘মা গো, ভাবনা কেন’ এসব গান। এ ছাড়া অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যালোক। অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হবে।