ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘমেদুর আকাশ। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থগারের প্রবেশমুখে নানা রঙে রাঙা ফটক। চত্বরে জমায়েত শিল্পীদের পরনে লাল পাঞ্জাবি আর লাল পেড়ে শাড়ি। পরিবেশে যেন রক্তিম উচ্ছ্বাস। উপস্থিত দর্শকদের চোখেমুখে আনন্দের দীপ্তি। আয়োজনের সঙ্গে একাত্ম তারাও। ‘ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে শুরু হওয়া তিন দিনের গণসংগীত উৎসবের পরিবেশটি ছিল এমনই উদ্দীপনাময়।আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা গণসংগীত। জাতীয় মুক্তি, স্বাধীনতা ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে গণসংগীত যুগে যুগে প্রেরণা জুগিয়েছে, শক্তি দিয়েছে। সেসব প্রেরণা জোগানো গান নিয়েই জাতীয় উৎসবের আয়োজন করেছে গণসংগীত সমন্বয় পরিষদ। সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের চত্বরে গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফকির আলমগীর। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুল হায়দার মোহন। খোলা চত্বরে প্রথমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও পরে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি পরিবেশন করা হয়। এ সময় আকাশে রঙিন বেলুনের গুচ্ছ উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শওকত ওসমান মিলনায়তনে অতিথিরা বক্তব্য দেন। তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন একক কণ্ঠে গণসংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ, তিমির নন্দী, ফকির আলমগীর ও মাহাবুবুল হায়দার মোহন। সম্মেলক গান পরিবেশন করে সিলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যশোরের সুরবিতান ও উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুরের সংগীত নিকেতন এবং ঢাকার স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্র, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও সারগাম ললিতকলা একাডেমি। গানগুলোর মধ্যে ছিল ‘নোঙর তোলো তোলো, ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’, ‘আমার প্রতিবাদের ভাষা’ ‘গর্জে ওঠো বাংলাদেশ’, ‘আমরা যারা প্রাণ দিয়েছি’ এসব।