ছিটমহলবাসীর সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না-মানুষি জমিন নাটকের দৃশ্য
না-মানুষি জমিন নাটকের দৃশ্য

পুরো মঞ্চ অন্ধকার৷ এর মধ্যে অবিভক্ত ভারতের মানচিত্র৷ এবার মানচিত্রকে ভাগ করে ফেলা হলো৷ আর ঘটনাটি ঘটল প্রযুক্তির মাধ্যমে, গ্রাফিকসের সাহায্যে৷ দেখতে এসেছি নাটক; কিন্তু শুরুতেই গ্রাফিকসের কায়-কারবারে একটু ধাক্কা খেলাম৷ তবে নাটকটি যেহেতু ছিটমহলের বাসিন্দাদের সুখ-দুঃখ নিয়ে, তাই নাটকের প্রথমে ভারত-পাকিস্তান ভাগের এ দৃশ্য পটভূমি তৈরি করেছে—এটি বুঝতে সময় লাগল না মোটেও৷
১৫ মে সন্ধ্যা৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন৷ থিয়েটার আর্ট ইউনিটের নতুন প্রযোজনা না-মানুষি জমিন-এর উদ্বোধনী মঞ্চায়ন৷ কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস না-মানুষি জমিন অবলম্বনে একই নামে নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক সাইফ সুমন৷
: এই এলাকার নাম কী?
: এইটা হইল্ হলদিবাড়ি৷
: আর ওই পাড়ের নাম?
: নলচেবাড়ি কয় বাহে৷
এক আগন্তুক ও কয়েকজন লোকের এই কথাবার্তার মধ্যে আমাদের চোখে পড়ে কাঁটাতারের বেড়া৷ এক লোক আগন্তুককে বলে, ‘আর সাম্নত্ যাইয়েন না বাহে৷ কাঁটাতারের বেড়ার বগলত্ গেলে ওমরা ফির গুলি করি দিবার পারে৷’
: গুলি করতে পারে নাকি?
: এটে কোনাই তো সীমুর মাও রানিকে গুলি করিয়া মারছে৷
: সীমু?
: সীমুক্ চেনেন না বাহে? সীমু হইল সীমানা, বর্ডারত্ জন্ম তো তাই সীমানা৷
: আর রানি?
: তাকও জানেন না?
: ওই যে একটা বাঁদর—
: বান্দর৷ হ, তোমরা কবার পারেন বান্দর৷ হামারা কই জিন৷ জিন না হইলে কাঁয়ো মানষের চায়া ভালা কাম করে৷ যে দুনিয়া পড়ছে, মানষে করে বান্দরের কাম, বান্দরে করে মানষের কাম৷
নাটক এবার অতীতে—পেছনের ঘটনার দিকে যাবে৷ আর আমরা দেখব সীমুর জন্মকাহিনি; এবং এর মধ্য দিয়েই স্পষ্ট হবে ছিটমহলবাসীর আনন্দ-বেদনা, দুঃখ-দুর্দশার সাতকাহন৷
নাটকের মূল ঘটনা, ছিটমহলে সীমু নামে এক শিশু জন্ম নেয়৷ তাকে জন্ম দেয় পল্টুর মা নামে একজন৷ শিশুটিকে জন্ম দিয়েই মারা যায় সে৷ এরপর সীমু ও পল্টুর মায়ের যাবতীয় ঘটনা আমরা জানতে পারি স্কুলশিক্ষক হরিহর মজুমদারের বাঁধানো খাতা থেকে৷
মঞ্চে এল অতীত কাহিনি—সীমান্তরক্ষীরা পল্টুর মাকে ধরে ফেলে, তাকে হাতকড়া পরায়৷ পল্টুর মা যদিও বলে তার রেশন কার্ড ও ভোটার তালিকায় নাম আছে৷ সে কথায় ভ্রুক্ষেপ নেই কারো৷ তারা তাকে ঠেলে দিতে চায় ওপারে এবং উল্টো বলে যে, ‘অবৈধভাবে রয়েচ তার আবার কার্ড, চল শালি চল৷’
এই বাস্তবতায় দেখলাম, রসিকলাল, পরিমল, লস্কর, মর্জিনা, নাজিমুদ্দিনসহ ছিটমহলবাসীর নানা রকম বঞ্চনা৷ আর এর মধ্য দিয়েই দৃশ্য থেকে দৃশান্তরে উন্মোচিত হলো সীমুর জন্মকাহিনি৷ এ ছাড়া সীমান্তে যেসব প্রহরী কাজ করে, তাদের জীবনচিত্রও কি ফুটে ওঠেনি এ নাটকে?
নাটকে আছে মুহুর্মুহু দৃশ্য ও দৃশ্যান্তর৷ বিশেষত প্রজেকশনের মাধ্যমে এপার ও ওপারের সীমান্ত নির্মাণে নির্দেশকের মুনশিয়ানা চোখে পড়ার মতো৷ এ ছাড়া মঞ্চে যেভাবে মুহূর্তেই কাঁটাতারের বেড়া ও কুয়াশার আবহ তৈরি করা হলো, তাতে আছে অভিনবত্ব৷
মঞ্চ পরিকল্পনায় বাড়াবাড়ি নেই, মূলত প্রজেক্টর ও কাঁটাতারের বেড়ার সঙ্গে কয়েকটি ছোট্ট বাক্স দিয়ে তৈরি হয়েছে মঞ্চ৷ এর মাধ্যমেই আমরা যাচ্ছি দৃশ্য থেকে দৃশ্যান্তরে৷
আলোক পরিকল্পনাও ছিল ভালো৷ ধারণ করা গানের মাধ্যমে সম্পন্ন হয়েছে সংগীত পরিকল্পনা৷ তবে গানগুলো ধারণ না করে যদি সরাসরি গাওয়া হতো, দৃশ্যগুলো আরও মনোগ্রাহী হয়ে উঠত কি না, প্রশ্নটি রেখে যাচ্ছি চুপিসারে৷
এটি নাটকের প্রথম মঞ্চয়ন৷ সে হিসাবে অভিনয়শিল্পীদের চেষ্টাও ছিল শতভাগ৷ তাঁদের অভিনয়ে কখনো আমাদের মন আর্দ্র হয়েছে, কান্নার দৃশ্যে কেঁদেছি আমরা—এগুলো তো তাঁদের সাফল্যকেই নির্দেশ করে, তাই না? তার পরও অভিনয়ে আরও ভালো করার সুযোগ রয়েছে এখানে৷
দলের ১৮তম প্রযোজনা হিসেবে এবার কেমন নাটক মঞ্চস্থ করল থিয়েটার আর্ট ইউনিট? নির্দেশক হিসেবেই বা কেমন করলেন সাইফ সুমন?
দৃশ্যে দৃশ্যে আমরা তো একাত্ম হয়েছি ছিটমহলবাসীর সঙ্গে—নাটক সম্পর্কে এ কথা বলার পর আরও বলতে হবে যে নাটকের পুরো বৃত্তান্ত বুঝতে হলে মিলনায়তনে বসে এক লহমায় দেখেই নিন না না-মানুষি জমিন৷