ছিনতাইকারীর খপ্পরে শখ, নিলয়, নওশীন ও হিল্লোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শুটিংয়ে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন টেলিভিশন নাটকের এ সময়ের জনপ্রিয় চার অভিনয়শিল্পী—নওশীন, হিল্লোল, শখ ও নিলয়। তাও আবার দেশের বাইরে—অস্ট্রেলিয়ায়। শুটিং শেষে ফেরার পথে তাঁরা ছিনতাইকারীর খপ্পরে পড়েন বলে জানিয়েছেন নাটকটির নির্মাতা সকাল আহমেদ। জিনাত হাকিমের লেখা ২৬ পর্বের নাটকটির নাম ‘প্রবাসে পরবাসে’। অস্ট্রেলিয়া থেকে আজ মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে সকাল আহমেদ জানিয়েছেন, ‘গত রোববার রাতে লিভারপুল থেকে নাটকের শুটিং করে ফেরার পথে সিডনির ক্যাম্বেল টাউনের কাছে একটি রেলস্টেশনের সামনে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি করা হয়েছিল। সেখান থেকে সামান্য দূরে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে ছিল কয়েকজন ছিনতাইকারী। হঠাত্ করেই ছিনতাইকারীর দলটি দৌড়ে আসে নওশীন, হিল্লোল, শখ আর নিলয়ের গাড়ির দিকে। ঘটনা আঁচ করতে পেরে তত্ক্ষণাত্ গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করেন চালক। ছিনতাইকারী দলের সদস্যরা দৌড়ে তাঁদের নাগাল না পেয়ে গাড়ির দিকে মদের বোতল ছুড়ে মারে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং নওশীন, হিল্লোল, শখ আর নিলয় কমবেশি আহত হন।সকাল আহমেদ আরও জানান, এ ঘটনায় সবাইকে প্রাথমিক চিকিত্সা নিতে হয়েছে। খুব ঘাবড়ে গিয়েছিলেন তাঁরা।‘প্রবাসে পরবাসে’ নাটকের শুটিং শেষে আগামী ২১ অক্টোবর নওশীন, হিল্লোল, শখ আর নিলয়ের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন সকাল আহমেদ।