
সমাজে এমন কিছু মানুষ আছে, যাদের অস্তিত্ব আছে কিন্তু জায়গা নেই। আর সুযোগ বুঝে একধরনের মানুষ তাদের খারাপ পথে নিয়ে যায়। এমনই কিছু অবহেলিত মানুষের গল্প নিয়ে চলচ্চিত্র ছিন্নমূল। পরিচালক কাজী হায়াৎ। ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবির নায়িকা লাক্স তারকা অরিন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় কেরছেন কাজী মারুফ। এটি অরিনের প্রথম ছবি। তাই নায়িকার চোখে যেন ঘুম নেই। ছবির প্রচারণার কাজে ছুটছেন টিভি চ্যানেল আর পত্রিকার অফিসগুলোয়। গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে এসেছিলেন প্রথম আলোর কার্যালয়ে। এসেই জানালেন ব্যস্ততার কথা। বললেন, ‘কয়েক দিন ধরে ছবির প্রচারণার জন্য কাজ করছি। এটিএন বাংলায় সাক্ষাৎকার দিয়েছি। সন্ধ্যার পর আরেকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেব।’
প্রথম ছবি, তাই একদিকে যেমন তিনি রোমাঞ্চিত, অন্যদিকে আবার ভয়, শঙ্কা দুটোই কাজ করছে। অরিন বললেন, ‘খুব আনন্দ হচ্ছে। দর্শক আমাকে প্রথম বড় পর্দায় দেখবেন। আবার ভয় পাচ্ছি, দর্শক কীভাবে আমাকে নেবেন, তা-ই ভেবে।’
ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অরিন জানালেন শুটিংয়ের প্রথম দিনের কথা। ছবির শেষ দৃশ্যের শুটিং দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের শুটিং। শেষ দৃশ্য কেন? অরিন বলেন, ‘পরিচালক তখন আমাকে বলেছিলেন, একজন শিল্পীর শেষ দৃশ্যের অভিনয় দিয়ে বোঝা যায়, সে অভিনয়ে কতটা পক্ব। প্রথম দিন সে পরীক্ষাই দিতে হয়েছিল আমাকে।’
পরীক্ষার ফলাফল? অরিন বললেন, ‘প্রথম দিন অনেক কষ্ট হয়েছিল। পরিচালকের সহযোগিতা নিয়ে শেষ দৃশ্যটি সফলভাবেই করতে পেরেছিলাম।’
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন অরিন। ছিলেন সেরা ছয়ে। ২০১১ সালের মাঝামাঝি প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল হন তিনি। এরপর রাজ্জাকের পরিচালনায় শেষ থেকে শুরু তুমি টেলিছবিতে অভিনয় করেন। তিন বছর আর দেখা যায়নি অরিনকে।
কেন? জানালেন, এই সময় তিনি পড়াশোনা শেষ করেছেন। বছর খানেক একটি বেসরকারি ব্যাংকে চাকরিও করেছেন। তবে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর চোখজুড়ে। সুযোগটা পেলেন ২০১৪ সালের শেষ দিকে। কীভাবে? অরিন বলেন, ‘এটিএন বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছিন্নমূল ছবিটি নির্মাণের ব্যাপারে আলোচনা হলো। আমাকে ছবিতে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমিও রাজি হয়ে যাই। এভাবেই শুরু।’
এরই মধ্যে আরও পাঁচটি ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অরিন। তার মধ্যে রাজু আহমেদের অসম প্রেম আর মুস্তাফিজুর রহমানের বিধ্বস্ত ছবি দুটির শুটিং অনেকটা শেষ হয়েছে। অরিন জানান, মোহাম্মদ আসলামের আমার সিন্ধা, দেওয়ান নজরুলের ভয়ংকর গোলমাল আর রাত বারোটার পর ছবির শুটিং শিগগিরই শুরু হবে।
এদিকে বড় পর্দায় নিয়মিত কাজ শুরু করলেও ছোট পর্দায়ও মাঝেমধ্যে দেখা যায় অরিনকে। এবার ভালোবাসা দিবসে এটিএন বাংলায় চতুষ্কোন টেলিছবিতে ইমন ও নিরবের বিপরীতে অভিনয় করেছেন। অরিন বলেন, ‘এখন আমার সব ভাবনা বড় পর্দাকে ঘিরে।’