
আড্ডা যেন যৌবন পেল ছায়ানট ভবনে। কে বলবে, সত্তর পেরিয়ে যাওয়া এক ভদ্রলোক বসে আছেন মঞ্চে আর তাঁকে নিয়েই বন্ধুদের এ নির্মল কথকতা? বয়স কোথায় গেল হারিয়ে, বন্ধুদের ভালোবাসায় সিক্ত আবুল হায়াত তখন যেন যৌবনের দূত হয়েই আলোকিত করে রইলেন আড্ডাটা। সারা যাকের কিন্তু সে কথাটাই বলেছিলেন—আবুল হায়াতের যৌবন ধরে রাখা দেখে তিনি ঈর্ষান্বিত। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন।
মিলনায়তনজুড়ে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। বেজে উঠেছিল রবীন্দ্রসংগীত, ‘জগৎজুড়ে উদার সুরে আনন্দ বাজে’। গাইলেন মিতা হক ও জয়িতা। এরপর সদ্য সত্তর পেরিয়ে একাত্তরে পা রাখা আবুল হায়াতকে উত্তরীয় পরিয়ে দিলেন বন্ধু আলী যাকের ও আসাদুজ্জামান নূর। তাঁরা দুজন এবং সারা যাকের ও নাসিরুল হক আলোচনার প্রথম পর্বে অংশ নেন। সঞ্চালনা করেন লাকী ইনাম।
শুরু হয় আড্ডা। আসাদুজ্জামান নূর বলেন, তাঁর কর্মজীবনের সূচনা হয়েছে আবুল হায়াতের হাত ধরে। আবুল হায়াতকে জানতে হলে, বুঝতে হলে মঞ্চে তাঁর অভিনয় দেখতে হবে। বাংলাদেশে তাঁর মতো অভিনেতা একজনও নেই। এ সময় তাঁকে আবার মঞ্চে অভিনয় করার অনুরোধ জানান সংস্কৃতিমন্ত্রী।
সারা যাকের জানান, ইতিহাস নাটকে আবুল হায়াতের সঙ্গে প্রথম কাজ করেন তিনি, যেখানে তাঁর প্রথম নায়ক আবুল হায়াত।
মঞ্চে খুনসুটি করতে থাকা আরেক বন্ধু আলী যাকের শুরু করেন হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকের প্রিয় সংলাপ দিয়ে। ৯৯ বছর পর্যন্ত আবুল হায়াতের অভিনয় দেখার আকুতি জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
দ্বিতীয় পর্বের আড্ডায় ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল কাশেম, নওয়াজিশ আলী খান স্মৃতিচারণা আর রসিকতা দিয়ে মুখর করে তোলেন পরিবেশ। আবুল কাশেম যখন বলেন, তখন সুদর্শন আবুল হায়াতের মাথাভর্তি চুল। তখন বেশ স্বস্তি নিয়ে আবুল হায়াত বলে ওঠেন, ‘যাক, আমার চুল ছিল, এর একটা সাক্ষ্য পাওয়া গেল।’ কথা প্রসঙ্গেই আলী যাকের-সারা যাকের দম্পতির সন্তান শ্রিয়া সর্বজয়ার গল্পটাও এল। ছোট্ট শ্রিয়া আবুল হায়াতের পাশে বসে বারবার তাঁর টাক মাথার দিকে তাকিয়ে একসময় বলে উঠল, ‘আচ্ছা, তোমাকে কি বেলমাথা করা যাবে?’ হাস্যরসিকতার মাঝেই আসাদুজ্জামান নূর দর্শক সারি থেকে আবার মঞ্চে এসে শোনালেন আরেক কাহিনি। প্রকৌশলী আবুল কাশেমকে অগ্রাহ্য করে বললেন, ‘আবুল হায়াত কত বড় প্রকৌশলী, সেটা আপনিও জানেন না, আমি জানি। একবার আলী যাকেরের বাড়িতে মহড়ার সময় রেগে গিয়ে আবুল হায়াত বলেছিলেন, “স্যানিটারি পাইপটা উল্টো ফোর্সে লাগিয়ে দেব। কমোডের সবকিছু উঠে আসবে, তখন দেখবে মজা!”’ আলী যাকেরকে হার মেনে নিতে হয়েছিল।
অনুষ্ঠানে বুলবুল ইসলাম ও শারমিন সাথী ইসলাম সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোলাম সারোয়ার। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন গাজী রাকায়েত।
অনুষ্ঠানে হায়াত পরিবারের সদস্য ও সংস্কৃতিজগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।