ছুঁয়ে যাচ্ছে কি তরুণপ্রাণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধচিহ্ন , কোড নেম আলফা, এই সময়
যুদ্ধচিহ্ন , কোড নেম আলফা, এই সময়

মুক্তিযুদ্ধের নাটক ও সিনেমা: তাঁরা কেউই মুক্তিযুদ্ধ দেখেননি। মুক্তিযুদ্ধ তাঁদের অনুভবে কেমন, মুক্তিযুদ্ধের নাটক ও চলচ্চিত্র নিয়ে তরুণ প্রজন্মের নির্মাতাদের ভবনাই বা কী? জানা যাক এক পলকে...
পুড়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, প্রাণভয়ে দিগিবদিক ছুটছে মানুষ, রুদ্ধশ্বাসে ছুটছে তারা। এর মধ্যে যুদ্ধ, প্রতিরোধ, হত্যা, আগুন, নারীর প্রতি অবমাননা, পৈশাচিকতা—মুক্তিযুদ্ধের নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে এসব ছবি আমরা দেখে থাকি হরহামেশাই। দেখতে পাই, যুদ্ধদিনের নানামাত্রিক খণ্ডচিত্র—আমাদের সোনাঝরা ইতিহাসের তুঙ্গ মুহূর্তগুলো। কিন্তু মুক্তিযুদ্ধের চার দশকের বেশি সময় পর বর্তমান প্রজন্মের দর্শকদের অনেকে এমনও বলে থাকেন, নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের যে চিত্রায়ণ, অনেক ক্ষেত্রে সেগুলো প্রাণের তরঙ্গে সেভাবে বেজে ওঠে না।
পাঠক, তরুণ দর্শকদের এ কথাগুলো নিমেষেই একটি প্রশ্নের আকার পেতে পারে। প্রশ্নটি কেউ কেউ এভাবেও করেন: আমাদের আবেগময় মুক্তিযুদ্ধের নাটক-টেলিছবিগুলো কি তার ক্লিশে উপস্থাপনার কারণে অবেদন হারাচ্ছে—আসলেই কি হারাচ্ছে?
অন্যদিকে যাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি, যুদ্ধের ভয়াভহতার কথা, বীরত্বের কাহিনি শুনতে শুনতে বেড়ে উঠেছেন যাঁরা, এ প্রজন্মের সেই তরুণ নির্মাতারা এখন কীভাবে অনুভব করছেন আমাদের স্বর্ণালি মুক্তিযুদ্ধকে, আজকের বাস্তবতায় কী রকমভাবে তাঁরা চিত্রায়িত করতে চান মুক্তিযুদ্ধের গল্প?

অমিতাভ রেজা
অমিতাভ রেজা

রাজনৈতিক দর্শন দিয়ে মুক্তিযুদ্ধ বুঝতে হবে
অমিতাভ রেজা
মুক্তিযুদ্ধকে বিষয় করে ‘মিলির হাতে স্টেনগান’ গল্পের অনুপ্রেরণায় এই সময় নির্মাণ করেছেন অমিতাভ রেজা। ‘মুক্তিযুদ্ধ নিয়ে বিটিভিতে একসময় অনেক ভালো নাটক নির্মাণ করেছেন আবদুল্লাহ আল-মামুন, আল মনসুর প্রমুখ।’ কথার শুরুটা হলো এভাবে। এরপর অমিতাভ বললেন কবিতার মতো কথা, ‘একটা গাছের ছায়া যখন পুরোপুরি পড়ে, তখন সেই গাছকে আর দেখা যায় না। একইভাবে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে বিভিন্ন ঘরানায় যে রাজনীতি চলেছে, এর ফলে আমার মনে হয়, মুক্তিযুদ্ধকে সত্যিকার অর্থে আমরা এখনো দেখতে পারিনি। এই দেখার কাজটি সঠিকভাবে করতে পারলে মুক্তিযুদ্ধ নিয়ে নতুনভাবে কাজ করা সম্ভব। মুক্তিযুদ্ধ সম্পূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। যে কারণে প্রকৃত রাজনৈতিক দর্শন দিয়ে মুক্তিযুদ্ধ বুঝতে হবে।’ একনাগাড়ে কথাগুলো বলতে বলতে অমিতাভ বললেন শেষ কথাটি, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমার সিনেমা বানানোর ইচ্ছা আছে।’

মুক্তিযুদ্ধ আকাশের মতো বড়

মেজবাউর রহমান সুমন
মেজবাউর রহমান সুমন


মেজবাউর রহমান সুমন
‘আজ এত বছর পরে নাটক-সিনেমায় মানুষ আর মুক্তিযুদ্ধের প্রামাণ্যকরণ দেখতে চান না, তাঁরা দেখতে চান ফিকশন—একটি গল্প।’ পাঠক, বুঝতেই পারছেন মেজবাউর রহমান সুমনের কথা শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ নিয়ে যদিও এখন অবধি কোনো কাজ করেননি তিনি, তবে এ বিষয়ে তাঁর ভাবনা বিস্তর। তাঁর মুখেই শোনা যাক, ‘আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে যত নাটক-টেলিছবি-সিনেমা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই ঘটনার ঘনঘটা অনেক; কিন্তু কেবল একটি ঘটনা নিয়ে কি মুক্তিযুদ্ধের নাটক হতে পারে না? ধরা যাক, একটা লোক আটকা পড়ে গেছে, সেই লোকের গল্প নিয়ে নাটক। আমি বলতে চইছি, আকাশ অনেক বড়। তবে আমি যখন জানালা দিয়ে আকাশটা দেখি, ছোট হয়ে যায় আকাশ। কিন্তু আকাশ কি আসলেই ছোট হয়? হয় না। মুক্তিযুদ্ধও তেমনি। মুক্তিযুদ্ধের নাটক বা সিনেমা তৈরির আগে আমাদের গল্পের পয়েন্ট অব ভিউ—ঠিক কোন গল্পটি আমি বলতে চাই, এটা আগে ঠিক করা দরকার বলে আমার মনে হয়।’

রেদওয়ান রনি
রেদওয়ান রনি

গল্পেও দরকার বৈচিত্র্যের ছোঁয়া
রেদওয়ান রনি
‘মুক্তিযুদ্ধ অনেক বড় বিষয়। এই প্রজন্মের নির্মাতা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, ভবিষ্যতের বাস্তবায়ন দেখতে, দেখাতে আগ্রহী আমি। মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত দুটি নাটক করেছি—জননী সাহসিনী ১৯৭১ ও কোড নেম আলফা। এ দুটি নাটকে আছে দুই সময়ের পরিপ্রেক্ষিত। প্রথমটি মুক্তিযুদ্ধকালীন এবং শেষটি যুদ্ধের অনেক পরের সময়ের। এ ছাড়া ’৭১-এর চিঠিগুলো নিয়েও একটি কাজ করতে চাই আমি।’ এ পর্যন্ত পড়ে আপনার মনে হতে পারে, রনি শুধু নিজের কাজ প্রসঙ্গেই কথা বলেছেন। না, মুক্তিযুদ্ধের নাটক-সিনেমার চিত্রায়ণ সম্পর্কে আপন ভাবনাও আছে এ নির্মাতার, ‘মুক্তিযুদ্ধ নিয়ে নাটক-সিনেমা বানানোর সময় এর যথার্থ আবেগ নিশ্চিত করা খুবই জরুরি। শট বিভাজনেও আনতে হবে নতুনত্ব, গল্পেও দরকার বৈচিত্র্যের ছোঁয়া। তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো, পিরিয়ড—যুদ্ধের বাস্তবতা যথাযথভাবে তৈরির জন্য যে বিপুল আয়োজন দরকার হয়, অধিকাংশ সময় আমরা সেটা পাই না। ফলে তেলে-জলে মিলমিশ হয় না ঠিকমতো। এই সমস্যাগুলো অতিক্রম করতে পারলে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকস্পর্শী নাটক-সিনেমা নির্মাণ সম্ভব।’