ছুটছেন তারকারা

রাত পোহালেই ঈদ। ঈদের দিনই ঢালিউডে মুক্তি পাচ্ছে তিনটি নতুন ছবি। ছবিগুলো হলো রক্ত, বসগিরি ও শুটার। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মতো শিল্পীরাও ঈদের ছবির প্রচার-প্রচারণা নিয়ে সমান ব্যস্ত।
শপিংমলে গিয়ে নতুন জামাকাপড় কেনার আনন্দ কিংবা পরিবারের সবার সঙ্গে বসে কোরবানির গরু কেনার পরিকল্পনা নিয়ে চারপাশের মানুষের মধ্যে যখন চলছে উত্তেজনা, ঠিক তখনই যেন এক বোঝা টেনশন মাথায় নিয়ে এ–চ্যানেল, ও–চ্যানেল, পত্রিকা অফিসে দৌড়াচ্ছেন চলচ্চিত্রের তারকারা।
সে কথাই জানালেন নবাগত নায়ক রোশান। রক্ত ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই এই ঈদে চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে তাঁর। তাই ছবি মুক্তির আগে আগে প্রচার-প্রচারণা নিয়ে ছুটে বেড়াচ্ছেন তিনি। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবার সঙ্গে ঈদ নিয়ে কথা বলারও সুযোগ পাচ্ছেন না।

রোশানের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি রক্ত ছবির প্রচারে যমুনা টেলিভিশনের কার্যালয়ে ছিলেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘প্রতিবছরই পরিবারের সদস্যদের সঙ্গে হইচই, আনন্দ করতে করতে কোরবানির গরু কিনতে হাটে যাই। বন্ধুদের সঙ্গে যাই শপিংয়ে। কিন্তু এবার তা মাথায়ই নেই। একটাই চিন্তা রক্তকে ঘিরে। প্রতিদিনই বিভিন্ন চ্যানেল, পত্রিকা অফিসে যাচ্ছি। ছবিটিকে দেখার জন্য দর্শকদের উৎসাহিত করার চেষ্টা করছি।’
একই কথা জানালেন আরেক নবাগত বুবলী। ঈদে একসঙ্গে দুটি ছবি বসগিরি ও শুটার মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তাঁর। দুটি ছবিতেই শাকিব খানের নায়িকা হয়েছেন বুবলী। প্রথমবারের মতো ছবি মুক্তির রোমাঞ্চ ঈদের আনন্দকে ছাপিয়ে গেছে। বুবলীর সব ভাবনাই এখন ঈদের দুই ছবিকে ঘিরে।
প্রায় ১৫ দিন আগে থেকেই ছবির প্রচারে নেমে পড়েছেন এই শিল্পী। বুবলী জানান, এরই মধ্যে পাঁচ-ছয়টি চ্যানেলে প্রচার চালিয়েছেন। এখনো চ্যানেল, পত্রিকা অফিসে যাচ্ছেন। ফেসবুক লাইভেও প্রচার চালাচ্ছেন।
শাকিব খান শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় আছেন। তাই ছবির প্রচার নিয়ে কোনো কোনো জায়গায় বুবলী একাই যাচ্ছেন বলে জানান তিনি।
যে চ্যানেল দিয়ে মিডিয়ায় হাতেখড়ি, সেই বাংলাভিশনে যাওয়া হয়েছে কি? জানতে চাইলে বুবলী বলেন, ‘শাকিব খান দেশে ফিরলেই যাব। ওটা তো আমার নিজের ঘর। না গেলেও বিভিন্নভাবে ছবির প্রচারে সহযোগিতা করছেন তাঁরা।’
ফেসবুক লাইভে ঢালিউডে ছবির প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে এবার। প্রযোজনা প্রতিষ্ঠানের কিংবা নিজ নিজ ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে ছবি দেখার জন্য ভক্তদের আহ্বান জানাচ্ছেন তারকারা। সেই সঙ্গে ভক্তদের এসএমএসে ছবিসংক্রান্ত নানা ধরনের প্রশ্নেরও উত্তর দিচ্ছেন।
এ ব্যাপারে রক্ত ছবির নায়িকা পরীমনি বলেন, ‘বিভিন্ন জায়গায় ছবির প্রচারণার বাইরেও আমার নিজের ফেসবুক পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পেজেও দুই দিন লাইভে প্রচার চালিয়েছি। ঈদের আগের দিনও ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে।’