ছুটি মেলে না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু ছুটি মেলেনি ব্যস্ত তারকাদের। ঈদের আগের দিনই শুধু নয়, অনেক তারকাকে চাঁদরাত পর্যন্ত কাজ করতে হবে। অনেক তারকা আবার শুটিং শুরু করবেন ঈদের পরপরই। সে হিসেবে সহজে ছুটি মিলছে না তাঁদের। দর্শকদের বিনোদন দিতে তাঁদের এই চেষ্টা নিয়েই আমাদের প্রতিবেদন।
বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরী

বাপ্পী চৌধুরী
৯ তারিখ থেকে আবার শুটিং
ঈদের ছুটি পাওয়া খুব কঠিন। ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করব শাহনেওয়াজ শানুর নায়কবাজি সিনেমার। ঈদ যদি আগামীকাল হয়, তাহলে আজই শেষ। আর যদি পরশু হয়, তবে আগামীকালও শুটিং করব। মাত্র তিন দিনের ছুটি পাব হয়তো। ৯ তারিখ থেকে আবার শুটিং। ঈদে বাবা-মাকে নিয়ে ভারতে যেতে পারি। এ ছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই। আসলে কাজের চাপে কোনো পরিকল্পনাই ঠিকমতো করতে পারছি না।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া
দেশে ফিরব ঈদের দিন
আমার নতুন ছবি বাদশা দ্য ডন–এর প্রচারণার জন্য কলকাতায় আছি বেশ কয়েক দিন হলো। দুই দেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। দেশে আমি আর জিৎ প্রচারণা শেষ করে ১ জুলাই কলকাতায় এসেছি। এখানকার বেশ কয়েকটি টিভি চ্যানেলে গিয়েছি। সাক্ষাৎকারসহ নানা প্রচারণার কাজ করছি। পত্রিকাকে সময় দিতে হচ্ছে। টানা কয়েক দিন চলবে। দেশে ফিরব ঈদের দিন। তারপর কয়েকটি প্রেক্ষাগৃহে যাব। দর্শকদের সঙ্গে বসে ছবি দেখার ইচ্ছা আছে। এরপর প্রেমী ও প্রেমীর শুটিং করব ১৬ তারিখ থেকে।

আফরান নিশো
আফরান নিশো

আফরান নিশো
ঈদের পরে বেশ কিছুদিন বিশ্রাম নেব
বেশ কয়েক দিন আগে একটি নাটকের শুটিং করতে গিয়ে আহত হয়েছিলাম। পায়ে বেশ আঘাত পেয়েছি। ওই অবস্থায় কোনো রকমে শুটিং করছি। কারণ, অনেক নির্মাতাকে কথা দেওয়া আছে। আমি শুটিং না করতে পারলে সব কাজ আটকে যাবে। শুটিং চলবে সারা দিন। কিছু নাটকের খণ্ডিত অংশের কাজ করতে হবে। তবে ঈদের পরে কয়েক দিন ছুটি কাটাব। ডাক্তার দেখিয়ে তাঁর পরামর্শমতো বিশ্রাম নেব। পায়ের সমস্যা না থাকলে হয়তো সে সুযোগও পেতাম না।

রওনক হাসান
রওনক হাসান

রওনক হাসান
ঈদের পরে ছুটি নিয়েছি কদিন
ঈদের ছুটি তো দূরের কথা, আমরা কোনো সাপ্তাহিক ছুটিও পাই না। সব দিনই কাজের দিন। তাই পরিবারকে খুব কম সময় দেওয়া হয়। এবার আমার শুটিং শেষ হয়েছে ৩ জুলাই। কিন্তু ঈদের পরে বেশ কিছুদিন হাতে কোনো কাজ রাখিনি। পরিবার নিয়ে থাইল্যান্ড যাব ঘুরতে। দেশে ফিরব ১৮ তারিখ। ২০ তারিখ থেকে আবারও শুটিং শুরু করব। বছরে তো এই কদিনই ছুটি পাই।

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ
শুটিং বাতিল করেছি
৬ তারিখ পর্যন্ত শুটিং ছিল। কিন্তু বাতিল করেছি। আর পারছিলাম না চাপ নিতে। শারীরিক ও মানসিকভাবে আমি ভালো নেই। দেশের এ অবস্থায় কীভাবে ভালো থাকি বলেন! এবার একটু বাড়িতে গিয়ে প্রাণভরে নিশ্বাস নিতে চাই। ৮ জুলাই ঢাকায় ফিরব। ১০ জুলাই গোলাম সোহরাব দোদুলের একটি এক ঘণ্টার নাটকের শুটিং করব। তারপর যথারীতি চলতেই থাকবে।