
বেশ কিছুদিন ছুটির পর আবারও জমে উঠেছে রাজধানীর সংস্কৃতির মূলকেন্দ্র শিল্পকলা একাডেমি। সূর্য ডোবার পর এখন সেখানে জমছে সংগীতানুরাগীদের ভিড়। নাট্যকর্মীরা আসছেন মঞ্চ মাতানোর আশায়, মহড়ায়। দর্শক আসছেন নতুন-পুরোনো নাটক দেখার আশায়। মূল দরজার বাইরে জমেছে বাদাম, চা নিয়ে আড্ডাও।
গত রোববার আনুষ্ঠানিকভাবে খুলেছে শিল্পকলা একাডেমি। তবে ওই দিন ছিল না তেমন কোনো আয়োজন। এক দিন পর গতকাল সোমবার থেকে তা পুরোদমে জমে উঠেছে। স্টুডিও থিয়েটার দৃষ্টিপাত নাট্যদল পরিবেশন করেছে ঋত্বিক ঘটকের লেখা ও অভিজিত সেনগুপ্ত নির্দেশিত জ্বালা নাটকটি। তবে গতকাল আলোচনায় ছিল জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নতুন নাটক অলিখিত উপাখ্যান।গতকাল ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। নাট্যদল বাতিঘরের এটি দ্বিতীয় প্রযোজনা। নাটকের গল্পটি ব্রিটিশ শাসনের সময়ের। এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘রহিমউল্লাহ’ ওই সময় সুন্দরবনের মোরেলগঞ্জে অত্যাচারীদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। প্রাণ হারাতে হয়েছিল সাহসী প্রাণ এই বিপ্লবীকে।
জীবনকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রহিমউল্লাহ। মোরেলগঞ্জে মার্গারেট এবং তাঁর দুই ছেলে রবার্ট ও হেনরির চালিয়ে যাওয়া নির্যাতনের কথা লেখার অনুরোধ জানান। তবে বঙ্কিমচন্দ্র সে সময় ব্রিটিশ রাজের অধীন ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিধায় এ বিষয়ে কিছু লিখতে পারেননি। পরবর্তী সময়ে রহিমউল্লাহর মৃত্যু অনুতপ্ত করে বঙ্কিমকে। সেই অন্তর্দহন থেকেই ঘটনাটি ডায়েরিতে তুলে ধরেন। সেখানে উল্লিখিত তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান লিখেছিলেন অলিখিত উপাখ্যান উপন্যাস। আর উপন্যাসটিকে ভর করে নাটক অলিখিত উপাখ্যান।