ছুটির দিনে জমজমাট সংস্কৃতি অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা প্রস্তুতি নিয়ে আসেননি, শিল্পকলা একাডেমীতে রাত বাড়তেই গা শিরশির করা হিমেল হাওয়া তাঁদের বুঝিয়ে দিচ্ছিল, শীত এসেছে। মাঠে সংগীত উৎসব, মঞ্চে নাট্যোৎসব। ছুটির দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় শীতের আগমনী বার্তা বহনকারী পরিবেশে দারুণ জমে উঠেছিল শিল্পকলা একাডেমী।
সেলিম আল দীন উৎসব
সেলিম আল দীনের জন্মদিন ছিল ১৮ আগস্ট। কথা ছিল চলতি বছরের এই দিনটিতে উৎসব আয়োজন করবে ঢাকা থিয়েটার। উৎসবে সেলিম আল দীনের লেখা চারটি নতুন নাটক মঞ্চে আনা হবে। তখন তা সম্ভব হয়নি। তাঁর চারটি নতুন নাটক নিয়ে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকাল শুরু হলো ‘নতুন প্রজন্ম নতুন থিয়েটার’ শীর্ষক নাট্যোৎসব।
ঢাকা থিয়েটারের আয়োজনে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার বাইরে খোলা করিডরে চার দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিল ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী। মঞ্চে ইশারা ভাষায় অতিথিদের বক্তব্য বুঝিয়ে দেওয়া হয় তাদের।
উদ্বোধন পর্ব শেষে নাট্যশালার বহিরাঙ্গণে প্রদর্শিত হয় শিল্পী দিলারা বেগম জলির ‘বয়ন বয়ান’ শীর্ষক স্থাপনাশিল্পের প্রদর্শনী। সবশেষে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটার প্রযোজিত ও এশা ইউসুফ নির্দেশিত নাটক গল্প নিয়ে গল্প। এ নাটকে ইশারা ভাষা ব্যবহার করা হয়। সংগীত পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। উৎসবে মঞ্চায়ন হবে সেলিম আল দীন রচিত নাটক অমৃত উপাখ্যান, ইতি পত্রমিতা ও উষাউৎসব। উৎসব শেষ হবে ১ ডিসেম্বর।
রাধারমণ সংগীত উৎসব
শিল্পকলা একাডেমীর মাঠে বিশাল শামিয়ানার নিচে অনুষ্ঠিত হলো রাধারমণ সংগীত উৎসব। শ্রোতারা তন্ময় হয়ে আছেন ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘আমার বন্ধু দয়াময়’, ‘প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে’, ‘জলে যাইও না গো রাই’ হৃদয়ছোঁয়া এমন গানে। শিল্পকলা একাডেমী ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হলো দুই দিনব্যাপী ‘রাধারমণ সংগীত উৎসব’।
ঢাকঢোলের বাদ্যের সঙ্গে রঙিন বেলুন উড়িয়ে গতকাল বিকেলে একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান। উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আলোচক ছিলেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক কবি হারিসুল হক, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন রাধারমণ সংস্কৃতিকেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিম।
রাধারমণের গানের সাধিকা সদ্য প্রয়াত চন্দ্রাবতী রায়বর্মণকে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে।
আজ শেষ হবে দুই দিনব্যাপী এই উৎসব।