
রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা দুশ্চিন্তা এতটুকু রেখাপাত করতে পারল না কাল ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে। নানা আয়োজনে মুখরিত ছিল এ অঙ্গন। এ আয়োজনে ছিল নাট্যোৎসব, চিত্রকর্ম প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী। ভিড় ছিল সবখানেই।
জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেল থেকেই ছিল ভিড়। সামনের খোলা করিডর দিয়ে মিলনায়তনে ঢোকার আগে স্বয়ং রবীন্দ্রনাথ যেন অভিবাদন জানাতে দাঁড়িয়ে ছিলেন। চিরচেনা লম্বা আলখেল্লায় বিশাল রবীন্দ্রনাথের প্রতিকৃতি পাশে রেখে কত মানুষকে দেখা গেল ছবি তুলতে! ভেতরে ছিল নানা নাটক আর নাটকের মানুষের আলোকচিত্র। ফুল, প্রদীপসহ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজিত উৎসব। শিরোনাম ‘দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাট্য ও অন্যান্য’। নাট্যমেলাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নাট্যাভিনেতা ও নির্দেশক খালেদ খানকে।
নাট্যশালার বাইরের সিঁড়ির সামনে জাতীয় সংগীত গেয়ে উৎসব শুরু হয়। এরপর গানের সুরে সুরে উপস্থাপিত হয় আয়োজক সংগঠনের শিল্পীদের নৃত্য পরিবেশনা। উৎসব উদ্বোধক করেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, লেখক সৈয়দ শামসুল হক, অভিনেতা ও নাট্য নির্দেশক আতাউর রহমান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী প্রমুখ। এ সময় মঞ্চে ডেকে নেওয়া হয় খালেদ খানের স্ত্রী মিতা হক, কন্যা জয়িতা খান ও ভাই শাহীন খানকে। প্রতিবছর মঞ্চের সেরা মঞ্চনাটক ও শ্রেষ্ঠ অভিনয়শিল্পীকে খালেদ খান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন মিতা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাঙ্গণেমোরের প্রধান অনন্ত হিরা।
উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে পরিবেশিত হয় ভারতের পূর্ব পশ্চিম নাট্যদলের রক্তকরবী। পরীক্ষণ থিয়েটারে ঢাকার সময় নাট্যদলের ভাগের মানুষ।