
বর্ষা উৎসব, ফুল নিয়ে রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, চারুকলা প্রদর্শনীসহ রকমারি আয়োজন ছিল গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে। এসব আয়োজনে অংশ নিয়ে ছুটির দিনের সন্ধ্যা বেশ আনন্দেই কাটিয়েছে বিনোদনপিয়াসী নগরবাসী।
বর্ষা উৎসব: ছায়ানট সন্ধ্যায় আয়োজন করেছিল বর্ষা উৎসবের। কবি সুফিয়া কামালের ১০২তম জন্মদিন উপলক্ষে ছায়ানট এই উৎসবের আয়োজন করে। কবিতা, গান, নৃত্য দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। শুরুতেই ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী শ্রোতাদের স্বাগত জানান। এরপর বর্ষার রাগ মিয়া কি মাল্লার দিয়ে শুরু হয়েছিল গানের পালা। গেয়ে শোনান প্রিয়াংকা গোপ।
এরপর সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের ‘এসো শ্যামল সুন্দর’ গানটি পরিবেশন করা হয়। নজরুলের ‘শ্যামল চঞ্চল’ গানটি পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল। জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন জয়ন্ত রায়। অতুলপ্রসাদের গান ‘বাদল ঝুম ঝুম বলে’ গেয়ে শোনান লাইসা আহমেদ লিসা, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘বরষা আইল ওই’ শোনান সুমা রানী রায়, আবদুল আজিজের লেখা লোকগান ‘দ্যাওয়ায় ধরিল শাওন’ পরিবেশন করেন নাদিরা বেগম। সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আবৃত্তি করেন জহিরুল হক খান। বিমানচন্দ্র বিশ্বাস পরিবেশন করেন উকিল মুন্সীর গান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বর্ষা উৎসবের অনুষ্ঠান।
ফুলের প্রেমে রবীন্দ্রনাথ: জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল রবীন্দ্রসংগীতের এক ব্যতিক্রমী আয়োজন। কবিগুরু তাঁর গানে ও কবিতায় অনেক ফুলের উল্লেখ করেছেন। এমন ১৭টি গান ও আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল ‘ফুলের প্রেমে রবীন্দ্রনাথ’ নামের এই অনুষ্ঠান। সঙ্গে ছিল কলকাতার সংগীত পরিচালক ও বেহালাশিল্পী দূর্বাদল চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি বিশেষ ঐকতান। রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণ তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরায়ণের পরিচালক শিল্পী লিলি ইসলাম।
শুরুতেই ছিল সম্মেলক গান ‘আমার মালার ফুলের দলে’। অন্য গানগুলোর মধ্যে ছিল ‘নীল অঞ্জন ছায়া’, ‘এসো নীপ বনে’, ‘মোর ভাবনা রে’ এসব। আবৃত্তিতে অংশ নেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
আবৃত্তি অনুষ্ঠান: বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উপলক্ষে ‘জয়ন্তী’ নামে এক বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল গতকাল বিকেলে। গতকাল ছিল কবির ৬৮তম জন্মদিন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই কবিকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
উৎসবে নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী আরিফ, আহ্্কাম উল্লাহ্, বেলায়েত হোসেন, লায়লা আফরোজ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন আবৃত্তি সংগঠন দলীয় আবৃত্তি পরিবেশন করে।
কায়ায় ঝলক: যাত্রাপথে ১০ বছর পার করল উত্তরার গ্যালারি কায়া। দেশের প্রবীণ-নবীন শিল্পী, শিল্পানুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ১০ বছর পূর্তির এক আনন্দঘন আয়োজন করেছিল কায়া গতকাল বিকেলে। এ উপলক্ষে ‘ঝলক’ নামের একটি মাসব্যাপী প্রদর্শনীও শুরু হয়েছে গ্যালারিতে। প্রদর্শনীতে ৩০ জন শিল্পীর ৩৯টি শিল্পকর্ম রয়েছে। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।
১০ বছর পূর্তির বিষয়টি নিয়ে গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ‘১০ বছর নেহাত কম সময় নয়। এত দিন গ্যালারিটি চালাতে পারব কি না, শুরুতে তা ভাবতে পারিনি। শিল্পী, কলারসিকসহ অনেকে নানাভাবে সাহায্য করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
সংশোধনী: গতকাল ২১ পাতায় প্রকাশিত ‘সুফিয়া কামালের জন্মদিনে অসাম্প্রদায়িক সমাজ গড়ার আন্দোলনের সংকল্প’ শীর্ষক সংবাদে ‘কবির ঘর’ কবিতাটি কবি সুফিয়া কামালের বলে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে কবিতাটি সুফিয়া কামালকে নিবেদিত কবি শামসুর রাহমানের লেখা।