ছুটির দিনে শিল্পের খোঁজে
প্রদর্শনী একটি—‘আর্ট উইকেন্ড’; একসঙ্গে শুরু হলো পাঁচ জায়গায়। দর্শক ঘুরে ঘুরে দেখলেন। বাইরে ঝুম বৃষ্টি, ভেতরে বিচিত্র রং, রূপের শিল্পকর্ম। পরিবেশটাই যেন বলছিল, এস মিশে যাও শিল্পের ভুবনে। ডুবে থাকো রঙে, ক্যানভাসে।
ঢাকায় অবস্থিত ব্রাজিল, জার্মান, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতেরা মিলে আয়োজন করেছিলেন প্রদর্শনীটি। বাংলাদেশের নবীন-প্রবীণ শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা। তাঁদের আমন্ত্রণে সাড়া দেন দেশের প্রতিষ্ঠিত ও যশপ্রার্থী শিল্পীরা। রাষ্ট্রদূতদের বাসার একটি অংশ ব্যবহৃত হয় প্রদর্শনীর স্থান হিসেবে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় প্রদর্শনী ‘আর্ট উইকেন্ড’।
ব্রাজিলের রাষ্ট্রদূতের বাসায় দেখা গেল ভিড়টা একটু বেশি। সেখানে বৃত্ত আর্ট ট্রাস্টের শিল্পীরা তাঁদের বিচিত্র কাজ নিয়ে হাজির হয়েছেন। ক্যানভাসে নানা মাধ্যমের চিত্রকর্ম থেকে শুরু করে ধাতবের বেশ কিছু শিল্পকর্ম এখানে। রাষ্ট্রদূত ভাঞ্জা কাম্পুস দা নব্রেগা ঘুরে ঘুরে অতিথিদের শিল্পকর্ম দেখাচ্ছেন, ছবি তুলছেন। বললেন, শিল্পকলার প্রতি ভালোবাসা থেকেই তাঁদের এই আয়োজন। এখানে রয়েছে শিল্পী মাহবুবুর রহমান, তৈয়বা লিপি, শিমুল সাহা, খন্দকার নাসির আহমেদ প্রমুখের কাজ।
জার্মান রাষ্ট্রদূতের বাসায় আলোকচিত্র প্রদর্শনী দৃকের শিক্ষার্থী ও শিক্ষকদের তোলা ছবি নিয়ে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসার দেয়াল সেজেছে আবির আবদুল্লাহর তোলা নান্দনিক ছবি দিয়ে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসায় স্থান পেয়েছে ভিনিতা করিমের চিত্রকর্ম। নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় দেখা গেল একঝাঁক তরুণ শিল্পীকে। চারুকলার শিক্ষক রোকেয়া সুলতানা তাঁর ১০ জন শিক্ষার্থীকে নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
প্রদর্শনীটি আজ শেষ হবে। বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক দেখতে পাবেন শিল্পকর্ম। পছন্দ হলে কেনাও যাবে।