ছুটির দিনে সুরেলা সন্ধ্যা
ছুটির দিনে গানে গানে সংগীত উৎসবে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন শিল্পীরা। বিশ্বসংগীত দিবস উপলক্ষে সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজিত তিন দিনের সংগীত উৎসবের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন।সকালে একাডেমীর সেমিনার হলে ছিল ‘বাংলা গানের সংকট ও উত্তরণ’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজীব হুমায়ুন। আলোচনায় অংশ নেন করুণাময় গোস্বামী, আ বা ম নূরুল আনোয়ার, শেখ সাদি খান, হাসিনা মোমতাজ, রফিকুল আলম, মাহমুদ সেলিম, সুজিত মোস্তফা ও বিশ্বজিৎ রায়।বিকেলে একাডেমীর চিত্রশালা প্লাজায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইটিআইয়ের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম। আলোচনায় ছিলেন নাসির আহমেদ। সভাপতিত্ব করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।গানের আসর বসে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যশালায়। সংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীদের দেশাত্মবোধক গানের কোলাজ দিয়ে শুরু হয় গানের পালা। তাঁরা গেয়েছেন: ‘ও আমার দেশের মাটি’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, ‘আম জাম কাঁঠালের গন্ধে’।দলীয় সংগীতে ছিল রবিরশ্মি বিশ্ববীণা, গীতি শতদল, দোলনচাঁপা কথা ললিতকলা, তরণী শিল্পীগোষ্ঠী ও স্বপ্নকুঁড়ি। যন্ত্রসংগীত পরিবেশন করে দোতারাবাদক দল।একক কণ্ঠে গানে মিয়া কি মল্লার রাগ পরিবেশন করেন শিল্পী তপন বৈদ্য। মহাদেব ঘোষ পরিবেশন করেন ‘আবার এসেছে আষাঢ়’, সঞ্জয় রায় গেয়ে শোনান ‘শোনো গো দখিন হাওয়া’, ছায়া কর্মকারের কণ্ঠে ছিল ‘যদি তোর ডাক শুনে কেউ’। এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেনেসাঁ ব্যান্ডের গান। তারা পরিবেশন করে ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’।