ছুটির পর কর্মমুখর সাংস্কৃতিক অঙ্গন
ঈদের ছুটির পর আবার কর্মমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। নানা আয়োজনে গতকাল সোমবার জমজমাট ছিল নগরের অনুষ্ঠানস্থলগুলো। এতে ছিল বরেণ্য নাট্যব্যক্তিত্ব নূরুল মোমেন স্মরণে বিশেষ অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।দেশের আধুনিক নাটকের অন্যতম পথিকৃৎ নাট্যগুরু নূরুল মোমেনের ১০২তম জন্মদিন ২৫ নভেম্বর। জন্মদিন উপলক্ষে গতকাল সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে শিল্পকলা একাডেমীতে। একাডেমী ও অরণী মোহনা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যৌথভাবে এ আনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। উদ্বোধনী অনুষ্ঠানে নূরুল মোমেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন আফরোজা বানু। স্বাগত বক্তৃতা দেন অরণী মোহনা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মাহমুদ এন মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মোহনা নাট্যম পরিবেশন করে নূরুল মোমেনের নাটক নেমেসিস। একটি মাত্র চরিত্রকে কেন্দ্র করে নাটকের ঘটনা আবর্তিত হয়েছে।দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কিছু বাঙালি চোরাকারবারের প্রলোভনে কীভাবে জড়িয়ে পড়ে এবং আত্মমুক্তির সংগ্রামে দ্বন্দ্বের কাহিনি বিবৃত তুলে ধরেছেন নাট্যকার।একসঙ্গে জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার ও সেমিনার কক্ষে অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, ভিডিও, আলোকচিত্র প্রদর্শনী ও নাটক। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল পাঁচটায়।প্রসঙ্গত, নূরুল মোমেন বিশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় নাট্যচর্চায় পথিকৃতের ভূমিকা পালন করেন। তাঁর ১৯৪১ সালের রূপান্তর ও ১৯৪৪ সালের নেমেসিস নাটক দুটিকে রবীন্দ্র-পরবর্তী এ দেশের আধুনিক নাটকের স্বীকৃতি দিয়েছেন সমালোচকেরা।হেমাঙ্গ বিশ্বাস স্মরণেনিপীড়িত মানুষের মুক্তির স্বপ্নে হেমাঙ্গ বিশ্বাস কণ্ঠে তুলেছিলেন গণজাগরণের গান, মুক্তির গান। শিল্পকলা একাডেমী তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজন করে আলোচনা ও গণসংগীতের আসর।সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মৃদুল কান্তি চক্রবর্তী, মাহফুজুর রহমান ও শান্তনু কায়সার। একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম।অনুষ্ঠানে ফকির আলমগীর পরিবেশন করেন ‘নাম তার ছিল জন হেনরি’, ‘কমরেড লেনিনকে আহ্বান’, ‘থাকিলে ডোবাখানা’, ‘মানুষের খুনে রাঙা’সহ বেশ কয়েকটি গান। উদীচী শিল্পীগোষ্ঠী ‘নোঙর ছাড়িয়া’ এবং ঋষিজ শিল্পীগোষ্ঠী ‘এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে’ পরিবেশন করে। অনুষ্ঠানে আরও গান করেন মীর ইউসুফ ও মার্ক মানস সাহা।প্রাণের খেলায় শুভ্র দেবনিজস্ব গায়কীর আবেদনে বাংলা গানের শ্রোতার কাছে শুভ্র দেব আলাদা একটি জায়গা করে নিয়েছেন অনেক আগেই। প্রায় তিন দশক ধরে গান করছেন তিনি। গতকাল তিনি আবার দেখিয়ে দিলেন সুরের মূর্ছনায় শ্রোতার চিত্ত জয় করার অনায়াস সামর্থ্য তাঁর আগের মতোই অটুট।ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানে গতকাল প্রথমে আধুনিক বাংলা গান পরিবেশন করেন শিল্পী শুভ্র দেব এবং পরে শিল্পী নাসিমা শাহীন নজরুলসংগীত ও আধুনকি গান শোনান। শুভ্র দেব ‘ত্রিশ লক্ষ প্রাণের দামে’ গানটি দিয়ে আসর শুরু করেন। একে একে শোনান ‘হ্যামিলনের সেই বাঁশিওয়ালা’, ‘কৃষ্ণচূড়ার ছায়ে’, ‘ভাবতে পারি না’, ‘একদিন পাখি উড়ে’সহ বেশ কয়েকটি গান। নাসিমা শাহীনের পরিবেশনায় ছিল ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘ভুলে যেয়ো ভুলে যেয়ো’, ‘জনম জনম গেল’, ‘কেন ফিরে গেলে অভিমানে’, ‘আমি অবুঝের মতো একি করেছি’ ইত্যাদি।নূর হোসেনকে নিয়ে ‘বুক তার বাংলাদেশের হৃদয়’গণতন্ত্রের জন্য রাজপথে জীবন বিলিয়ে দিয়েছিলেন নূর হোসেন। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে রাজপথে নামা সেই যুবক আজ ইতিহাস। ১৯৯০ সালের পর থেকে বাঙালির সব আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছেন তিনি। আর এ ইতিহাস তুলে ধরতেই সম্প্রতি নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র বুক তার বাংলাদেশের হৃদয়। নির্মাণ করেছেন পরিচালক মইনুল শাওন। গতকাল ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রামাণ্যচিত্রে নূর হোসেনের মা, ভাই, বন্ধু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য স্থান পেয়েছে।