ছেঁউড়িয়ায় মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহর থেকে লালন মাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। মাজারে রিকশা-ভ্যানে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট। কিন্তু এ সময় এখন আধা ঘণ্টারও বেশি। শহর থেকে লালন মাজারে একই রাস্তা ধরে যেতে হয়। এ রাস্তা দিন-রাত মানুষের পদচারণে এখন মুখর। সাঁইজির টানে এ ধামে বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে। তাই আয়োজকেরা এবার তিন দিনের উৎসব দুই দিন বাড়িয়ে পাঁচ দিন করেছেন। আজ বৃহস্পতিবার মধ্যরাতে বাউল ভক্ত-অনুরাগীদের মিলনমেলা সাঙ্গ হবে।‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মর্মবাণী সামনে রেখে রোববার থেকে কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন স্মরণ উৎসব। উদ্বোধনী দিনে লালন অনুসারী বাউলেরা গান করেছেন সারা রাত; আর বিরতিহীন এ গান শুনতে দেশের দূর-দূরান্ত থেকে বিভিন্ন সম্প্র্রদায়ের মানুষ ছুটে আসছেন এ বাউল ধামে। কুষ্টিয়া শহরতলির ছেঁউড়িয়ায় লালন স্মরণ উৎসবের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই উত্সবস্থলে নতুন অতিথিদের আসা অব্যাহত রয়েছে।ধামে আসা হাজার হাজার বাউল ও লালন-ভক্ত কর্তৃপক্ষের দেওয়া সকালের নাশতা পায়েশ ও মুড়ির বাল্যসেবা গ্রহণ করেন। দুপুরে তাঁরা মরা কালী গঙ্গায় গোসল সেরে মাছ-ভাত ও ত্রিব্যঞ্জন দিয়ে (তিন ধরনের সবজি দিয়ে তৈরি তরকারি) দুপুরের খাবার পুণ্যসেবা গ্রহণ করেন। ‘বাড়ির পাশে আরশী নগর, মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই কুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল, এলাহি আলামিন গো আলা বাদশা আলমপনা তুমি’—এ রকম অসংখ্য লালনসংগীতের সুরের মূর্ছনা রাতে লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলেরা পরিবেশন করেন। এ ছাড়া লালন মাজারের আশপাশে ও মরা কালী নদীর তীর ধরে বাউলেরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করেছেন তাঁর গাওয়া গান গেয়ে।কোন সে উদাসী ডাক? কোনো দাওয়াত নেই, পত্র নেই, তবুও মানুষ ছুটে আসে দলে দলে, হাজারে হাজারে। স্মরণোৎসবে প্রতিবছরের মতো এবারও সাধক লালনের আধ্যাত্মিক দর্শন লাভের আশায় দূরদূরান্ত থেকে মানুষ প্রাণের টানে ছুটে আসেন। একতারা, দোতারা, ঢোল ও বাঁশির সুরে গত চার দিন প্রকম্পিত হয়ে উঠেছিল লালনভূমি ছেঁউড়িয়া। দূরদূরান্ত থেকে আসা বাউলেরা দরদভরা কণ্ঠে গেয়ে চলেন লালনের রেখে যাওয়া সব আধ্যাত্মিক গান। তাঁদের সঙ্গে সুর মেলাতে ভুল করেননি ভক্তরাও। ভক্ত-অনুসারীরা এসেই প্রথমে মূল মাজারের ভেতরে চিরনিদ্রায় শায়িত তাঁদের ধর্মগুরুর প্রতি বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তাঁরা জাত, কুল, ধর্ম, গোত্র ভুলে একে অপরের সঙ্গে ভাবের আদান-প্রদান করেছেন।লালন উৎসবে অস্থায়ী দোকানগুলোয় উপচে পড়া ভিড়। খাদ্যসহ খেলনার দোকানগুলোয় ভিড় করতে দেখা গেছে দর্শনার্থীদের। প্রতিদিন সন্ধ্যায় মেলার মাঠের স্থায়ী মঞ্চে বসে আলোচনা সভা। এর পরপরই শুরু হয় লালন একাডেমির শিল্পীদের গান।বাউলসাধক ফকির লালন শাহের জীবন-কর্ম, জাতহীন মানবদর্শন, মরমি সংগীত ও চিন্তা-চেতনা এখন আর এই ছেঁউড়িয়ার পল্লিতেই সীমাবদ্ধ নেই। দেশের সীমানা পেরিয়ে তা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বে। তাঁর সংগীত ও ধর্ম-দর্শন গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। তবে এসব নিয়ে চিন্তা নেই লালন ভক্ত-অনুসারীদের। লালনের প্রতি এক উদাসী টান ও আত্মার শান্তির জন্যই কোনো দাওয়াতপত্র ছাড়া নিজেরাই দিনক্ষণ ঠিক রেখে এ উৎসবে ছুটে আসেন।বাউলসাধক ফকির লালন শাহ জীবিত থাকাকালে ফাল্গুন শেষে দোল পূর্ণিমার তিথিতে প্রতিবছর এই স্মরণ উৎসব পালন করতেন। পরবর্তী সময়ে ১৮৯০ সালে লালন শাহ কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করার পর তাঁর মাজার চত্বরে মহা ধুমধামের সঙ্গে এই স্মরণ উৎসব পালিত হয়ে আসছে।