ছেলেকে নিয়ে ব্যস্ত মৌসুমী

‘আসলে আমাদের সবারই ইচ্ছা ছিল ফারদীন যুক্তরাষ্ট্র থেকে এ–লেভেল করুক। এরপর সে যদি সেখানে আরও পড়ালেখা করতে চায়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তবে ফারদীনের পড়া শেষ করে দেশে ফিরে আসার ইচ্ছা। আমরাও (মৌসুমী ও ওমর সানী) চাই, ফারদীন দেশেই কিছু করুক।’ চিত্রনায়িকা মৌসুমী বলছিলেন ছেলে ফারদীন এহসানকে নিয়ে তাঁর ভাবনার কথা। এখন ছেলেকে নিয়েই দারুণ ব্যস্ত এই অভিনেত্রী।
স্বামী ওমর সানী, ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে নিয়ে মৌসুমীর সংসার। ফারদীন এরই মধ্যে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও–লেভেল শেষ করেছে। মৌসুমী বলেন, ‘এখন কাজকর্ম খুব একটা হাতে নিচ্ছি না। আগামী এপ্রিলের শুরুতে পড়াশোনার জন্য ফারদীনকে যুক্তরাষ্ট্রে যেতে হবে। ওকে নিয়েই ব্যস্ত সময় কাটছে। ফারদীন যুক্তরাষ্ট্রে পড়তে গেলে ওর সঙ্গে মাস খানেক সেখানেই থাকব।’
এদিকে যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার কথা রয়েছে মৌসুমীর। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ থেকে নতুন ছবি নির্মাণের কাজে হাত দেবেন বলে জানান তিনি।