
নিজের দুঃসহ অতীত ভুলতে চান মার্কিন তরুণী গ্রেটা। তাই নতুন চাকরি নিয়ে চলে যান ইংল্যান্ডের ছোট্ট এক গ্রামে। বিত্তশালী এক দম্পতি দীর্ঘ ছুটি কাটাতে যাবেন। এ সময় তাঁদের আট বছর বয়সী ছেলেকে দেখাশোনাই গ্রেটার দায়িত্ব। তিনি সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে টের পেলেন, কোথাও যেন একটা গোলমাল আছে। তাঁর নিয়োগদাতা হিলশায়ার দম্পতির বয়স বিস্ময়কর রকমের বেশি। ছেলে ব্রামসের যত্ন কীভাবে নিতে হবে, তা নিয়ে কঠোর নির্দেশনাসংবলিত একটা তালিকা গ্রেটার হাতে ধরিয়ে দেন তাঁরা। আর সতর্ক করে দেন, এসব নিয়ম ঠিকঠাক না মানলে পরিণতি ভয়ংকর হতে পারে। তবে সবচেয়ে গোলমেলে ব্যাপারটা হলো, ব্রামস আসলে ছোট্ট শিশু নয়, বরং ঠিক সেই আকারের একটি চীনামাটির পুতুল। কিন্তু তাকে হিলশায়ার দম্পতি নিজেদের আসল ছেলের মতোই যত্ন করেন এবং গভীর ভালোবাসেন। তাঁরা গ্রেটাকে কড়া নির্দেশনা দেন, ‘যদি ওকে ভালোবাসো, বিনিময়ে সেও তোমাকে ভালোবাসবে।’
প্রবীণ দম্পতি ছুটিতে চলে যাওয়ার পর গ্রেটা ওই ভুতুড়ে বাড়িতে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন, প্রতিবার একেকটা নিয়ম ভঙ্গ করার সঙ্গে সঙ্গে বাড়িতে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। আর পুতুলটাকে ঠিক যে জায়গায় রাখেন, সেখান থেকে সরে অন্য জায়গায় চলে যায়! তাহলে কি পুতুলটা জীবিত? স্থানীয় মুদি দোকানের একজন কর্মচারী ছাড়া আশপাশে আর কোনো জনমানুষের দেখা নেই। অগত্যা তাঁরই সাহায্য নেন গ্রেটা, ব্রামস-রহস্য ভেদ করার জন্য। একপর্যায়ে জানতে পারেন হিলশায়ার পরিবারের বেদনাদায়ক অতীত। ব্রামসের মৃত্যু হয়েছে বহু বছর আগেই। গ্রেটা অনুভব করেন, তাঁকে ওই বাড়িতে শুধু ডেকে নেওয়া হয়নি, বরং রীতিমতো পছন্দ করে বাছাই করা হয়েছে!
তারপর কী ঘটেছিল জানার জন্য ছবিটিই দেখতে হবে। এ গল্প দ্য বয় ছবির। অতিপ্রাকৃত এই হরর কাহিনিচিত্রের পরিচালক উইলিয়াম ব্রেন্ট বেল। চিত্রনাট্যকার স্ট্যাসি মেনিয়ার। যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২২ জানুয়ারি। গ্রেটার চরিত্রে অভিনয় করেছেন লরেন কোহান।
হলিউডে এ রকম ভুতুড়ে বা হরর ছবির কদর রয়েছে বেশ। এক শ্রেণির দর্শক এ ছবিগুলোর নিয়মিত দেখেন। কেউ আবার রুচি বদলানোর জন্য হরর ছবি দেখতে যান। মাঝেমধ্যে বেশ ব্যবসাসফলও হয় ছবিগুলো। লরেন কোহান এ রকম কিছু হরর টেলিভিশন সিরিজে কাজ করেছেন।
দ্য বয় ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন রুপার্ট ইভানস (ম্যালকম), জিমন নরটন (মিস্টার হিলশায়ার), ডায়ানা হার্ডক্যাসেল (মিসেস হিলশায়ার), বেন রবসন, জেমস রাসেল প্রমুখ।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়ায় গত বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হয়। প্রথমে নাম ছিল দ্য ইনহ্যাবিটেন্ট, পরে সেটা পাল্টে দ্য বয় নির্ধারণ করা হয়। এখন ছবির মূল চরিত্র ছেলেটা, নাকি গ্রেটা, দর্শকেরাই তা ভালো বলতে পারবেন। ছবির ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাতে কয়েকটি দৃশ্যের নাটকীয়তা এতই বেশি যে রুদ্ধশ্বাস অবস্থা তৈরি হয়। তাই হরর ও থ্রিলার ছবির অনুরাগীরা পুরো ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন, সেটা নিশ্চিত বলা যায়।
মুভি ইনসাইডার ও রটেন টমেটোজ অবলম্বনে