
২০০৫ সাল। খুলনা থেকে আমরা ঢাকায় এসেছি। গোড়ানে থাকি। ভর্তি হয়েছি সেন্ট্রাল গভ. গার্লস হাইস্কুলে। আমি নবম শ্রেণির ছাত্রী। বড় ভাই পড়েন দশম শ্রেণিতে। আমরা ভাইবোন দুজন একই কোচিংয়ে পড়তাম। ভাইয়ের একজন বন্ধু ছিল। আমাদের সঙ্গে কোচিংয়ে পড়ত। একদিন ভাইয়া তাঁর ওই বন্ধুর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। কোচিংয়ে যাওয়ার পথেই ভাইয়ার ওই বন্ধুর বাসা। আমরা সবাই একসঙ্গেই যেতাম। কিছুদিন পর বুঝতে পারি, ভাইয়ার ওই বন্ধু আমাকে পছন্দ করে। এর মধ্যে আমিও তাকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু ভাইয়ার ভয়ে ছেলেটিকে কিছু বলতে পারিনি।
আমার বান্ধবী রিপার কাছ থেকে জানতে পারলাম সেও নাকি ছেলেটিকে পছন্দ করে। কিন্তু রিপা তখনো তার পছন্দের কথা ছেলেটিকে জানায়নি। আমি তো চিন্তায় পড়ে গেলাম। তাড়াতাড়ি আমার পছন্দের কথা ছেলেটিকে জানাতে হবে।
একদিন কোচিংয়ে যাওয়ার পথে সুযোগ পেয়ে যাই। আমরা সবাই কোচিংয়ে যাচ্ছি। ভাইয়া আগে, আমি আর ভাইয়ার বন্ধু পেছনে। ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি রিপাকে পছন্দ করেন?’ ছেলেটি বলল, ‘না না। আমি তো তোমাকে পছন্দ করি।’
শুনে আমি খুশিতে আত্মহারা। আমিও আমার ইচ্ছার কথা তাকে জানিয়ে দিই। এভাবে আমাদের প্রেম শুরু হয়। কিছুদিন পর ভাইয়া জানতে পারেন এবং বাসায় সবাইকে জানিয়ে দেন। ভাইয়া নিজেও আমাকে খুব বকেছেন। কোচিংয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। আমাদের দুজনের দেখাদেখিও বন্ধ। আমরা থাকতাম বাসার চারতলায়। আমার রুমে বারান্দা আছে। একদিন ছেলেটি আমাকে দেখার জন্য সকাল থেকে সারা দিন বাসার নিচে বসে ছিল। সেদিন বৃষ্টিও হয়েছিল। চলে যাওয়ার জন্য আমি বারান্দা থেকে ইশারা করার পরও বৃষ্টিতে ভিজে সন্ধ্যা পর্যন্ত বসে ছিল ছেলেটি। তখন আমার কান্না আসছিল।
এরপর হঠাৎ করেই তার আর কোনো খোঁজ পাচ্ছিলাম না। কিছুদিন পরে জানতে পারি, জেদ করে ছেলেটি বিদেশে চলে গেছে। ভাইয়ার সঙ্গে তার যোগাযোগ ছিল। কিন্তু আমার সঙ্গে যোগাযোগ হতো না। পাঁচ বছর পর ছেলেটি গত ঈদে দেশে আসে। ভাইয়ার সঙ্গে দেখা করার কথা বলে আমাদের বাসায়ও এসেছিল। আমি তার জন্য টেবিলে খাবার দিয়েছি। কথা বলার তেমন সুযোগ হয়নি। তবে এতটুকুই জানি, ছেলেটি এখনো আমার জন্য অপেক্ষা করছে।
লিখেছেন শফিক আল মামুন