ছেলেটি পছন্দ করত অন্য মেয়েকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম। ছবি: আনন্দ
মিম। ছবি: আনন্দ

অল্প সময়ে প্রেমে পড়ার ঘটনাটি ঘটেছিল কুমিল্লায়। একসময় আমরা থাকতাম কুমিল্লা শহরে। যে বাসায় থাকতাম, ওই বাসার মালিকের মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। সমবয়সী হওয়ায় তার সঙ্গে ছিল আমার যত গল্প আর আড্ডা। ওরা থাকত দোতলায় আর আমরা একতলা ওপরে, তৃতীয় তলায়। আমাদের সামনের বাসার তৃতীয় তলায় থাকত একটি ছেলে। তার সঙ্গে কখনোই সামনাসামনি দেখা কিংবা কথা হয়নি। কিন্তু দূর থেকে দেখেই একধরনের ভালো লাগা তৈরি হয়। ও হয়তো বারান্দায় এসে আমাদের জানালার দিকে তাকিয়ে আছে, আর তখনই আমিও জানালার দিকে এগিয়ে যেতাম। আমার পড়ার টেবিল ছিল জানালার পাশে। পড়তে বসলেই তার রুম দেখা যেত। আমাদের মধ্যে ইশারায় কথা হতো। ওই দিনগুলো বেশ ভালোই ছিল।
আমি তখন ক্লাস নাইনের ছাত্রী। বুঝতেই পারছেন, আম্মার চোখ থাকত আমার ওপর। যা হওয়ার তা-ই হলো, একদিন আম্মার হাতে ধরা পড়ে গেলাম। আম্মা ছিলেন রান্নাঘরে। ছেলেটি বারান্দায় এসে হাত নাড়ছে। বুঝতে পারছি, আমার বান্ধবী দোতলা থেকে উত্তর দিচ্ছে। কিন্তু তা দেখেই আম্মা ভীষণ রেগে যান। আমার রুমে এসে বুঝতে পারেন ‘নাটের গুরু’ আর কেউ না, তার মেয়ে। পেছন থেকে এসে আম্মা আমার মাথা ধরে ঝাঁকুনি দেন। সঙ্গে সঙ্গে রক্তারক্তি অবস্থা। টেবিলে লেগে আমার মুখ কেটে যায়। রক্ত দেখে আম্মা তো হতভম্ব।
আম্মাকে বললাম, ‘এটা আমি করছি না। দ্বিতীয় তলার মেয়েকে দেখে হাত নাড়ছে ছেলেটি।’
ওই যাত্রায় আমি বেঁচে যাই। আম্মা নিশ্চিত হলেন, আমি নির্দোষ।
তবে যার জন্য রীতিমতো ‘রক্ত’ দিয়ে দিলাম, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। কিছুদিন পর বুঝতে পারি, ছেলেটি আসলে দ্বিতীয় তলার মেয়েটিকেই পছন্দ করে। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। এখন ওই দিনগুলোর কথা মনে হলে ভালোই লাগে।
অনুলিখন: আলম বিশ্বাস