ছেলেটি সত্যিই বড় হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র্যাডক্লিফ
ড্যানিয়েল র্যাডক্লিফ

কিছুতেই খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না। পারাটাও কঠিন। মানুষের মনে শক্ত হয়ে সেঁটে আছে তাঁর সেই আগের ছবি: কপাল বেয়ে নেমে আসা অবাধ্য চুল। বড় বড় করে চেয়ে থাকা এক জোড়া নীল চোখ, যে চোখে শুধুই বিস্ময়। গোল মতন চশমা। ছেলেটা হালকা-পাতালা গড়নের তালপাতার সেপাই হলে কী হবে, তার আছে আশ্চর্য ক্ষমতা—সে জাদু জানে, যে জাদু দিয়ে এই ছোট্ট বয়সেই সে কাবু করে দেয় ভয়ংকর সব দেও-দানো আর কালো জাদুকরের।

ড্যানিয়েল র‌্যাডক্লিফ প্রথম যখন হ্যারি পটার ছবিটি করেছিলেন, তাঁর বয়স ছিল ১১ কি ১২ বছর। একে একে হ্যারি পটার-এর একের পর এক সিরিজে কাজ করেছেন, সেই সঙ্গে বেড়েছে বয়স। শৈশব থেকে কৈশোর। এরপর তো একসময় শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠলেন। পা রাখলেন সদ্য তারুণ্যে। ২০১১ সালে হ্যারি পটার সিরিজের অষ্টম এবং শেষ ছবিটি মুক্তি পেল যখন, তত দিনে সেদিনের ১২ বছরের বালকটি ২২ পেরিয়েছেন। আর দুই বছর বাদে এখন তিনি ২৫ বছরে পা দিতে চলা টগবগে এক যুবক।

কিন্তু এখনো র‌্যাডক্লিফ বলতে সবাই যেন সেই নিষ্পাপ-নিপাট ভালো ছেলেকেই বোঝেন। নিজের গা থেকে হ্যারি পটার-এর শেষ গন্ধটা মুছে ফেলতে এবার তাই একরকম বিশেষ মিশনেই নামছেন এই ব্রিটিশ অভিনেতা। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টরন্টো চলচ্চিত্র উৎসবে তিন-তিনটি ছবি নিয়ে হাজির হয়েছেন তিনি। র‌্যাডক্লিফ ওরফে হ্যারি পটার-এর ভক্তরা এই তিন ছবিতে সেই বালককে দেখার প্রত্যাশা নিয়ে সিনেমা হলে গেলে বিরাট হোঁচটই খাবেন।

এগুলোর একটি রোমান্টিক কমেডি ছবি—দ্য এফ ওয়ার্ড (ছবির নামটাই কেমন ইঙ্গিতপূর্ণ), যে ছবিতে দেখা যাবে ওয়ালেস (র‌্যাডক্লিফ) প্রেমে পড়েছেন শ্যান্ট্রি (জো কাজান) নামের এক মেয়ের। এবং একসময় গিয়ে আবিষ্কার করবেন, সেই শ্যান্ট্রি এরই মধ্যে আসলে প্রেম করছেন অন্য আরেকজনের সঙ্গে। এ ছবিতে উঠে আসবে ফেসবুক জামানার প্রেম, যেখানে বেশির ভাগের রিলেশনশিপ স্ট্যাটাস আসলে ‘কমপ্লিকেটেড’।

হর্ন ছবিতে আবার তিনি লুতুপুতু মার্কা নন, খ্যাপাটে এক প্রেমিক। ছবির ধরনটি হলো ডার্ক ফ্যান্টাসি থ্রিলার। এখানে আছে রহস্যময় এক খুন—খুন হন র‌্যাডক্লিফের প্রেমিকা। খুনের দায় বর্তায় তাঁর কাঁধে। কিন্তু তিনি জানেন, ভালোবাসার মানুষটিকে খুন তিনি করেননি। তবে কে করেছে খুন? নিজে শুধু খুনের অপবাদ থেকে মুক্তিই পেতে চান না, বরং তিনি চান খুনের বদলাও নিতে।

এর পরও যদি র‌্যাডক্লিফের শরীর থেকে হ্যারি পটার-এর গন্ধ মুছে না যায়, তো মোক্ষম দাওয়াই আছে তৃতীয় ছবিতে। কিল ইওর ডারলিংস ছবিতে র‌্যাডক্লিফ অভিনয় করেছেন কিংবদন্তি কবি অ্যালেন গিন্সবার্গের ভূমিকায়। বিট প্রজন্মের অন্যতম পুরোধা গিন্সবার্গ খালি পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করেছেন। ১৯৭১-এর সেপ্টেম্বরে দেখেছেন বন্যা আর মানুষের স্রোতে একাকার যশোর রোড। বিট প্রজন্ম সামাজিক নিয়মের শিকল ভাঙার গান গেয়েছিল। গিন্সবার্গ সমকামীও ছিলেন। ফলে, বুঝতেই পারছেন, সেদিনের ‘খোকাবাবু’ র‌্যাডক্লিফকে এই ছবিতে কেমন দৃশ্যে অভিনয় করতে হয়েছে!

আজকের র‌্যাডক্লিফের এই তারকা হয়ে ওঠার পেছনে হ্যারি পটার-এর ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তবে তিনি এও জানান, ‘এবার লোকেরা আমাকে একেবারেই অন্য রকম কিছু করতে দেখার সুযোগ পাবে। আমি সব সময়ই হ্যারি পটার নিয়ে গর্ব করি। সেটা না হলে আজ হয়তো আপনাদের (সাংবাদিকদের) সামনে এভাবে কথাই বলা হতো না। এখন অন্য কিছু করতে পেরেই আমি খুব খুশি।’

রাজীব হাসান

ইয়াহু মুভিজ অবলম্বনে