
ছোটবেলায় আমরা থাকতাম ঢাকার লালমাটিয়ায়। তখন ওই এলাকায় এত বেশি বিল্ডিং ছিল না। বাসার পাশে ছিল বিশাল মাঠ, গাছ আর রাস্তা। আমার সারা দিনের কর্মসূচির অন্যতম কর্মটি ছিল বাসায় কাউকে কিছু না বলে মাঠে চলে যাওয়া। সুযোগ পেলেই এটা করতাম। সেখানে প্রয়াত চলচ্চিত্র অভিনেতা রাজিব আংকেলের দুই ছেলে আসত। আমরা সবাই একসঙ্গে খেলতাম। একদিন দেখি মাঠে আরেকটি ছেলে এসেছে। ওকে দেখেই তো আমার ভেতরে ‘কুছ কুছ হোতা হ্যায়’ অবস্থা। পরিচয় হলো। জানতে পারলাম, ও আমাদের পাশের বাসায় থাকে। তার বোন আমার সঙ্গে নিয়মিত খেলা করে। একসময় ছেলেটিও আমাদের সঙ্গে যোগ দেয়। বাসায় আসে। কিন্তু সে বাসায় এলেই মনে হতো বুকের ভেতর রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্প হচ্ছে। কী করব, ঠিক বুঝতাম না। ছেলেটি আমাকে তার ছোট বোনের মতোই দেখত। এটা ছিল ট্র্যাজিক ঘটনা। আমি নিজেও তাকে কিছু বলতে পারিনি।
আমার বয়স কিন্তু তখন খুবই কম। এখন মাঝেমধ্যেই ভাবি, এত কম বয়সে এমন অনুভূতি কেন হতো? মনে হয়, টিভিতে নাটক-সিনেমা দেখার প্রভাবেই এমনটা হয়েছিল।
আমি তখনো কিন্তু প্রাইমারি স্কুলের গণ্ডিই পার করিনি। কিন্তু তখন ওই ছেলেকে নিয়ে আমার কল্পনার জগৎ তৈরি হয়েছিল। কী অদ্ভুত, তাই না! এ ঘটনা বেশি দিন ছিল না। কারণ কিছুদিনের মধ্যে আমাদের ঠিকানা পাল্টে যায়। আমরা অন্য এলাকায় চলে যাই। এরপর আমার ভাইয়ের সঙ্গে ছেলেটির বন্ধুত্ব হয়েছিল। ভাইয়ের কাছে তার কথা শুনতাম। কিন্তু কখনো আর তার সঙ্গে কথা হয়নি। ওটাই ছিল আমার প্রথম প্রেম, যা এখনো আমার কাছে বিস্ময়!
অনুলিখন: আলম বিশ্বাস