ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার বিচারক রিয়াজ ও কুসুম

আবারও শুরু হচ্ছে ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’। এবার এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক রিয়াজ এবং মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার।
আজ সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইমামীর প্রধান নির্বাহী কর্মকর্তা চেতন গোরে।
উদ্বোধনী বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা আমাদের হ্যান্ডসামদের পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। এ কাজে আমাদের সহযোগিতা করছে ইমামী। এবার গ্র্যান্ড ফিনালে হবে অনেক বড় পরিসরে। গতবার এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাজ্জাদ। এবারও অনেক সাজ্জাদ তৈরি করব আমরা। তারা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।’
১৮ থেকে ৩০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি ছেলে ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিতে পারবেন। www.htum.tv বা www.facebook.com/theultimatemen -এ লগ ইন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
প্রতিযোগীদের নাম নিবন্ধনের শেষ তারিখ ২৫ মে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার অডিশন রাউন্ড থেকে শীর্ষ ২০ জন প্রতিযোগী নিয়ে শুরু হবে মূল পর্ব। আগামী জুন থেকে ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান ২’-এর প্রচার শুরু হবে চ্যানেল আইতে।