ছেলের কাছে ম্যাডোনার নাচের তালিম!
গানের সঙ্গে সঙ্গে মনোমুগ্ধকর নাচ পরিবেশনের জন্য সুপরিচিত ‘পপ কুইন’ ম্যাডোনা। চার দশকের সংগীতজীবনে অনেক ধরনের নাচই শিখতে হয়েছে তাঁকে। তবে ব্রেক ড্যান্স আয়ত্তে আনতে একটু বেগই পেতে হচ্ছে ৫৩ বছর বয়সী এই পপ তারকাকে। আর এই নাচ ধাতস্থ করতে তিনি তালিম নিচ্ছেন ছেলে রোকোর কাছে। ১১ বছর বয়সী রোকোকে নাচ শেখান কি না, এমন এক প্রশ্নের জবাবে ম্যাডোনা বলেছেন, ‘না না, উলটো সে-ই আমাকে নাচ শেখাচ্ছে। তার কাছে “ব্রেক ড্যান্স” শিখছি আমি। ও খুব পছন্দ করে এই নাচ। কিন্তু এই নাচের ক্ষেত্রে আমার অবস্থা খুবই শোচনীয়। রোকোর সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ব্যাং শোবিজ। ম্যাডোনা আরও বলেছেন, ‘আমার চার সন্তান রোকো, লর্ডস, ডেভিড ও মার্সি সব সময় সংগীতের চলতি ধারার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। সংগীতে ওদের রুচি চমত্কার, আর সংগীতের নতুন কোনো অ্যালবাম এলেই তা আমাকে শোনানোর ব্যবস্থা করে ওরা।’