ছেলের বিয়ের খবর অস্বীকার করলেন সালমানের বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলুলিয়া-সালমান
ইলুলিয়া-সালমান

বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমা হটিয়ে রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান—এমন খবরে হইচই পড়ে গেছে চারদিকে। কিন্তু এ খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সালমানের বাবা সেলিম খান।
যদিও সালমান ও ইলুলিয়ার মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বর্ষীয়ান এ চিত্রনাট্যকার ও অভিনেতা; কিন্তু বাস্তবতা হলো, এ মুহূর্তে পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ভারতের গোয়ায় অবস্থান করছেন সালমান, আর সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছেন স্বর্ণকেশী ইলুলিয়া। তাঁরা একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন এই সমুদ্রশহরে।
চলতি মাসের শুরুর দিকে ইলুলিয়া ও সালমানের প্রেমের খবর চাউর হয়েছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ জুটি বিয়ে করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়। ছেলের বিয়েসংক্রান্ত প্রশ্নের জবাবে সেলিম খান জানান, এমন কোনো কিছুই ঘটছে না। সালমান ও ইলুলিয়ার বিয়ের এ খবরে বিন্দুমাত্র সত্যতা নেই।
সেলিম খান আরও বলেন, ‘পেশাগত কাজ ও ভ্রমণের কারণে হাজার হাজার মানুষের সঙ্গে সালমানের সাক্ষাত্ হয়। সালমানের বন্ধু ইলুলিয়া। ব্যস, এতটুকুই। এর বাইরে আর কিছুই না। তাদের নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানে হয় না।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাত্ হয়েছিল বছর দুয়েক আগে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান ও ইলুলিয়া। সে সময় যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে চললেও ইদানীং তাঁরা লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই মেলামেশা করছেন।