ছেলের মা হলেন শাবনূর

পুত্রসন্তানের মা হয়েছেন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তাঁর ছোট বোন ঝুমুর গতকাল শনিবার বিকেলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মুঠোফোনের মাধ্যমে এই খবর জানান। সিডনির পশ্চিমাঞ্চলের অবার্ন হাসপাতালে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় বেলা তিনটায়) শাবনূরের অস্ত্রোপচার করা হয়। শাবনূর তাঁর ছেলের নাম রেখেছেন আইজান নেহান। মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।
শাবনূরের স্বামী অনীক মাহমুদ এখন ঢাকায়। তিনি বললেন, ‘খুব মানসিক চাপের মধ্যে ছিলাম। যাক, সবকিছু ভালোভাবেই হয়েছে। আমাদের দুই পরিবারের সবাই খুব খুশি হয়েছে। ইচ্ছা ছিল এ সময় শাবনূরের পাশে থাকব, কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারণে যেতে পারছি না। তাই মনটা খুব খারাপ।’
ঢাকা থেকে শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী মুঠোফোনে বলেন, ‘আমার মেয়ে আর নাতির জন্য সবাই দোয়া করবেন।’
শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর শাবনূর মুঠোফোনে তাঁর অনুভূতি জানান এভাবে, ‘খুব ভালো লাগছে। এটা আসলে একেবারেই অন্য রকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্য এক জীবন। সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছি।’
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে শাবনূরের দেশে আসার কথা আছে।